মার্কিন প্রতিনিধি পরিষদে ৩৯ জন ডেমোক্রাটিক আইন প্রণেতার সহায়তায় ২৬১-১৫৭ ভোটে রিপাবলিকানদের স্বাস্থ্য সেবা বিল পাস হয়েছে। বিলটিতে স্বাস্থ্য আইনের ন্যূনতম বিষয় চিকিত্সা বীমার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। শুক্রবার এই বিলটি পাস হয়।
হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট বারাক ওবামার বেশ কয়েকজন ডেমোক্রাটিক সদস্য এই বিলে রিপাবলিকানদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। একে এক ধরনের বিদ্রোহ বলে মনে করছেন অনেকে। কেননা তাদের রিপাবলিকানদের সঙ্গে মিলিত হওয়ার কারণেই এই বিলটি পাস হয়। সামপ্রতিক সময়ে প্রেসিডেন্ট বারাক ওবামা সেদেশের বীমা কোম্পানির ওপর অনেকটা ক্ষুব্ধ হন। কারণ বীমা কোম্পানিগুলো লাখ লাখ আমেরিকানের চিকিত্সা বীমার সুবিধা বাতিল করে দেয়। এর মূলে ছিল বীমা কোম্পানিগুলোর কঠোর বিধিনিষেধ, যা অনেকেই সে মোতাবেক শর্তাবলি পূরণ করতে পারেননি। অথচ ডেমোক্রাট প্রেসিডেন্টের প্রতিশ্রুতি ছিল জনগণ তাদের বিদ্যমান স্বাস্থ্য সেবা পাবেন এবং তা কর্তন করা হবে না।
রিপাবলিকানদের দেয়া স্বাস্থ্য সেবা বিলে রয়েছে ব্যাপক ইন্স্যুরেন্স কভারেজ। এতে স্বাস্থ্য সেবার নতুন বিধিনিষেধ অন্তর্ভুক্তি নেই। ওবামার স্বাস্থ্য সেবা বিলে নানা কারণে বিভাজন সৃষ্টি হয়েছে। হোয়াইট হাউস জানায়, ওই প্রস্তাবনায় বিভিন্ন বিষয়কে অবমূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে অভ্যন্তরীণ ক্ষেত্রে অর্জনের বিষয়টি উপেক্ষিত হয়েছে। অনেক ডেমোক্রাটই মনে করেন, ওবামার স্বাস্থ্য সেবার বিলটি সমস্যা সংকুল। এটি ২০১৪ সালের মধ্যবর্তী পুনর্নিবাচনে নেতিবাচক প্রভাব ফেলবে। ডেমোক্রাটিক কংগ্রেসম্যান রন বার্বার বলেন, আমি হতাশ এবং রাগান্বিত যে, বর্তমান স্বাস্থ্যসেবা ওয়েবসাইটটি সমস্যার আবর্তের মধ্যেই অবস্থান করছে।
