সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২০:৫৪
উজাড় হচ্ছে আমাজন ২০১২ সালের আগস্টে এবং গত জুলাই মাসের মধ্যে আমাজন বনাঞ্চল উজাড় ২৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ব্রাজিল। বন ধ্বংস দীর্ঘদিন কমে থাকার পর সম্প্রতি আবার তা বেড়েছে। সরকার এ প্রবণতা ঠেকানোর চেষ্টা করছে। কিন্তু ২০১২ সালের আগস্ট থেকে গত জুলাই মাস পর্যন্ত পরিসংখ্যানে দেখা গেছে, আমাজনের ৫,৮৪৩ স্কয়ার কিলোমিটার বন উজাড় হয়ে গেছে। এর আগের ১২ মাসে যা ছিল ৪,৫৭১ স্কয়ার কিলোমিটার। ব্রাজিলের বন সংরক্ষণ আইনের বিতর্কিত সংস্কার কার্যক্রমের কারণে বনাঞ্চল ধ্বংস বেড়েছে বলে অভিযোগ করেছে পরিবেশ আন্দোলন কর্মীরা। বিক্ষোভ ছড়াচ্ছে সিরিয়ার রাসায়নিক অস্ত্র আলবেনিয়ায় নিয়ে ধ্বংস করা হতে পারে- এমন অনিশ্চিত কয়েকটি খবরকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির রাজধানী তিরানায়। বৃহস্পতিবার আলবেনিয়ার পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে শ’শ’ বিক্ষোভকারী জড়ো হয়ে রাসায়নিক অস্ত্রের বিরুদ্ধে স্লোগান দেয়। সিরিয়ার ১ হাজার টন রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য সম্ভাব্য বিকল্প স্থান হিসাবে ফ্রান্সের নাম উল্লেখ করা হয়েছিল আগেই। তবে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ভান্ডার কিভাবে ধ্বংস করা হবে তা নিয়ে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন (ওপিসিডিব্লিউ) এর আলোচনা এখনো চলছে। মিয়ানমারে ৬৯ রাজবন্দির মুক্তি মিয়ানমার সাধারণ ক্ষমার আওতায় ৬৯ জন রাজবন্দিকে মুক্তি দিয়েছে। প্রেসিডেন্ট থিয়েন সেইন এ বছরের শেষ নাগাদ সব রাজবন্দিকে মুক্তি দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষায়ই এ পদক্ষেপ নিল সরকার। ২০১১ সালের মার্চে আধা-বেসামরিক সরকার মিয়ানমারের ক্ষমতা নেয়ার পর থেকে এ পর্যন্ত সাধারণ ক্ষমার আওতায় বহু বন্দিকে মুক্তি দিয়েছে। বেসরকারি সংস্থা ‘অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস ইন মিয়ানমার’ এর (এএপিপি) হিসাবমতে, দেশটিতে আটক মোট রাজবন্দির প্রায় অর্ধেকই সরকারের এ পদক্ষেপের মধ্য দিয়ে মুক্ত হল।