উন্নয়নশীল দেশের সঙ্গে সুষ্ঠু আচরণ করুন

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২১:০১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশসমূহের প্রকৃত প্রবৃদ্ধি অর্জনের জন্য সেসব দেশের উন্নয়নের বাধাসমূহের প্রতি সুদৃষ্টি দেয়ার এবং সুষ্ঠু আচরণ করার জন্য শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, প্রবৃদ্ধি, অর্থ, পণ্য ও সেবা সংগ্রহে বাধার কারণে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলো আরও ঝুঁকিতে পড়ছে। তিনি বলেন, এ জন্য উন্নয়নশীল দেশসমূহের প্রকৃত অগ্রগতির জন্য ন্যায় ও সমতার ভিত্তিতে প্রকৃত বৈশ্বিক অংশীদারদের সাথে ন্যায় বিচার ও নিরপেক্ষতা নিশ্চিত করার মাধ্যমে এই বাধা দূর করতে হবে। প্রধানমন্ত্রী সিএইচওজিএম’র এক্সিকিউটিভ সেশনে ভাষণ পর্বে ছিলেন প্রথম বক্তা। শ্রীমাভো বন্দরনায়েক মেমোরিয়াল এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘সমতার সঙ্গে প্রবৃদ্ধি : সম্মিলিত উন্নয়ন’। শেখ হাসিনা বলেন, সামাজিক অগ্রগতিতে অভিজ্ঞতা রয়েছে এমন সদস্য রাষ্ট্রসমূহে ব্যাপক উন্নয়ন সাধনে কমনওয়েলথকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ :এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সাক্ষাত্কালে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা এবং প্রতিবেশী দুটি দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক জোরদারে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। শ্রীলংকায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার পর প্রধানমন্ত্রীর কলম্বো ছাড়ার আগে শুক্রবার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কলম্বোয় বন্দরনায়েকে মেমোরিয়াল কনফারেন্স হলে তাঁর সাথে সৌজন্য সাক্ষাত্ করেন। শ্রীলঙ্কায় পাট চাষের প্রস্তাব:দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পুত্তালামে দীর্ঘ মেয়াদে জমি লিজ নিয়ে পাট চাষের জন্য বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার কলম্বোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসে’র মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়। পরে প্রধানমন্ত্রী বন্দরনায়েকে মেমোরিয়াল ইন্টারন্যাশনাল কন্ফারেন্স হলে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কের সঙ্গে বৈঠক করেন। দেশে প্রত্যাবর্তন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে যোগদান শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন।