কর্মক্ষেত্রে দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানে জাতীয় মানদণ্ড নির্ধারণের দাবি জানিয়েছেন শ্রমিক নিরাপত্তা ফোরাম বা এসএনএফ নেতৃবৃন্দ। তারা বলেছেন, ভবন মালিক, কারখানার মালিক ব্র্যান্ডস রিটেইলারসহ দুর্ঘটনার জন্য দায়ী সকল পক্ষকে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের কমপক্ষে এক বছরের জন্য সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসতে হবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।
সম্মেলনে বলা হয়, ক্রমাগতভাগে বিভিন্ন দুর্ঘটনায় শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হলেও তাদের ক্ষতিপূরণের জন্য কোন জাতীয় মানদণ্ড আজও তৈরি হয়নি। সঠিক ও সমন্বিত চিকিত্সার অভাবে ভুক্তভোগিদের দুর্ভোগ বেড়েছে।
বক্তারা বলেন, তাজরিনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের এক বছর পূর্ণ হবে আগামী ২৪ নভেম্বর। দিনটি স্মরণ করতে রাজধানীর জুরাইন কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং সেখান থেকে স্মারক শোভাযাত্রা শুরু হয়ে সাভারের তাজরিন গার্মেন্টস-এর সামনে এসে শেষ হবে।
