দেশের প্রথম নির্বাচিত মহিলা সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম রাজিয়া ফয়েজ (৭৫) আর নেই। গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহে ...... রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে ছাড়াও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শওকত আলী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া শোক প্রকাশ করেছে বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি। শুক্রবারই গুলশানের আযাদ মসজিদে জানাজা শেষে রাতে আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার গুলশানের নিজ বাড়িতে তার কুলখানি অনুষ্ঠিত হবে।
সৈয়দা রাজিয়া ফয়েজ ১৯৭৯ সালে সাতক্ষীরা-২ সদর আসন থেকে মুসলিম লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে এরশাদ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তার বাবা সৈয়দ বদরুদ্দোজা কলকাতার প্রথম মুসলিম মেয়র ছিলেন।
