সুজানগরে জমিদার বাড়ি এখন শুধুই স্মৃতি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২১:৩৩
এক সময়ের দৃষ্টিনন্দন বিলাশবহুল তথা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাবনার সুজানগরের জমিদার আজিম চৌধুরীর বাড়ি এখন শুধুই স্মৃতি। এখন আর বাড়িটি দেখতে দর্শনার্থীরা ভীড় করে না। এমনকি চৌধুরী বাড়ির সেই নাম বা খ্যাতি মানুষের মুখে মুখে আর ফেরে না। আনুমানিক আড়াইশ’ বছর আগে উপজেলার দুলাই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন জমিদার আজিম চৌধুরী। যখন এ দেশে একটি একতলা বিল্ডিং বা ভবন নির্মাণ করা ছিল কোন প্রত্যাশিত স্বপ্ন পূরণের ন্যায়, ঠিক সে সময় জমিদার আজিম চৌধুরী দুলাই’র নিভৃত পল্ল¬¬ীর ওই বাড়িতে নির্মাণ করেন রাজপ্রাসাদতুল্য দ্বিতল বিশিষ্ট একাধিক দৃষ্টিনন্দন এবং বিলাশবহুল ভবন। অত্যাধুনিক ডিজাইনের ওই ভবনটি ছিল বহু দুয়ারী এবং বহু কক্ষের। শুধু তাই না বাড়িটির ছিল ১১টি নিরাপত্তা গেট। বাড়িতে প্রবেশের প্রথম গেটে সর্বদা দণ্ডায়মান থাকত বিশাল আকৃতির দু’টি হাতি। এছাড়া বাড়ির অভ্যন্তরে একটি মসজিদ, জমিদার দরবারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের গোসলের জন্য একটি বিশাল পুকুর এবং জমিদার পরিবারের বিবিদের গোসলের জন্য অন্দরমহলের অভ্যন্তরে খনন করা হয়েছিল আরও একটি দর্শনীয় পুকুর। আর প্রাকৃতিক সৌন্দর্যের কথাতো বলাইবাহুল্য। ১২০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত গোটা বাড়িটি ছিল দেশি-বিদেশি গাছপালায় আবৃত্ত। সে কারণে বাড়িটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত-থেকে ছুটে আসতো অগণিত দর্শনার্থী। এক সময়ের মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন এ বাড়ি এখন এলাকার মানুষের কাছে শুধুই স্মৃতি।