কুড়িগ্রামে জেএসসির ফাঁস হওয়া প্রশ্নপত্র নিয়ে ব্যস্ত ফটোকপির দোকানগুলো। ইতোমধ্যে অনুষ্ঠিত বাংলা ও ইংরেজীর ৪টি পরীক্ষায় সাজেশন আকারে প্রাপ্ত ফাঁস হওয়া প্রশ্নপত্র হুবহু মিলে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক, স্কুল ও কোচিংয়ের শিক্ষকরা ছুটছেন এসব প্রশ্ন সংগ্রহে। বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার থেকে প্রশ্নপত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে ডিবি পুলিশ। কুড়িগ্রামের জেলা প্রশাসক বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করলেও এখন পর্যন্ত কোন নির্দেশনা আসেনি।
জানা যায়, গত ৭ নভেম্বর জেএসসি পরীক্ষার শুরুর আগে ফেইসবুকে ‘জেডিসি, জেএসসি, এসএসসি, এইচএসসি একক্সক্লুসিভ সাজেশন’ নামে একটি লিঙ্কে সাজেশন আকারে প্রশ্নপত্র পাওয়া যায়। পরে ‘সকল বোর্ডের প্রশ্নব্যাংক ও সাজেশন’ নামে অপর একটি লিঙ্ক ব্যবহার করা হয়।
শিক্ষার্থীরা জানায়, কথিত সাজেশন ইন্টানেট থেকে ডাউনলোড করে প্রথমে কিছুসংখ্যক কোচিং সেন্টারের শিক্ষক তাদের শিক্ষার্থীদের হাতে দেয়। প্রথম দিনের ইংরেজী প্রথমপত্রের পরীক্ষায় সেই ‘সাজেশন’ হুবহু মিলে যাওয়ায় সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র ফাঁসের কথা। শুরু হয় ব্যবসা। বৃহস্পতিবার অনুষ্ঠিত ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হওয়া প্রশ্নের সাথে হুবহু মিলে যায় বলে কয়েকজন পরীক্ষার্থী জানান।
শিক্ষার্থীরা জানান, সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, ছিনাই ইউনিয়নের দু’জন ইংরেজী প্রাইভেট টিউটর, কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টারের মালিকসহ প্রত্যন্ত এলাকায় শত শত যুবক ছড়িয়ে পড়েছে এই প্রশ্ন ব্যবসায়।
