সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার হয়নি মাদ্রাসা ছাত্রের হত্যাকারীরা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২১:৩৫
সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র ফয়সাল হত্যার দু’মাসেও পুলিশ গ্রেফতার করতে পারেনি হত্যাকারীকে। পাইনাদীর একটি মাদ্রাসার ছাত্র ফয়সালের ঝুলন্ত লাশ মাদ্রাসার কক্ষ থেকে গত ১৩ সেপ্টেম্বর উদ্ধার করা হয়। নিহতের পিতার দাবি ফয়সলকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। হত্যাকারী মাদ্রাসা শিক্ষক পলাতক। পুলিশ রহস্যজনক কারণে আসামিকে গ্রেফতার করছে না। জানা যায়, আড়াইহাজার উপজেলার হাজীরটেক গ্রামের মোঃ আয়েতউল্লাহর ছেলে ফয়সাল (১০) সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার দারুত তাকওয়া তাহফীজুল কুরআন মাদ্রাসার নজরানা বিভাগে পড়াশোনা করত। গত ১৩ সেপ্টেম্বর পুলিশ ওই মাদ্রাসার একটি তালাবদ্ধ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় ফয়সালের লাশ উদ্ধার করে। ফয়সলের পিতা জানায়- মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহর শ্বশুরবাড়ি তাদের গ্রামে। শ্বশুরবাড়ির লোকজনের সাথে আমাদের নানা বিষয়ে ঝগড়া ছিল। এরই জের ধরে ওই শিক্ষক ফয়সালকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে। পরবর্তীতে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার ব্যর্থ চেষ্টা করে কক্ষে তালা লাগিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর নিহত ফয়সালের পিতা আয়েতউল্লাহ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।