দুই ক্লাব থেকে টাকা নিয়ে ঝামেলায় রয়েছেন জাতীয় দলের ষ্ট্রাইকার শেখ রাসেলের মিঠুন চৌধুরী। দল বদল করার জন্য আবাহনীর কাছ থেকে আগাম এক লাখ টাকা নিয়ে বড় অংকের অফার পেয়ে পুনরায় শেখ রাসেলে ফিরে গেছেন তিনি। কিন্তু আবাহনী তার দাবি ছাড়েনি। দলবদলের শেষ দিনে গত শুক্রবার মিঠুনের নাম জমা দিয়েছে আবাহনী। তারও আগে ১৪ নভেম্বর মিঠুনের নাম জমা দিয়েছে শেখ রাসেল। এখন আবাহনী নাম জমা দেয়ায় দুই ক্লাব থেকে এক ফুটবলারের নাম জমা পড়ায় জটিলতা বেধে গেল। বাফুফে বলছে যেহেতু একজন খেলোয়াড়ের নাম দুই ক্লাব থেকে জমা দেয়া হয়েছে। তাই আমরা প্লেয়ার্স ষ্ট্যাটাস কমিটির কাছে বিষয়টি পাঠাবো।
শেখ রাসেলের নাসিরুল ইসলাম নাসিরকে নিয়েছে আবাহনী। আবার অন্য দিকে শেখ রাসেলের মিঠুনের দাবিও ছাড়ছে না আবাহনী। গুঞ্জন রয়েছে মিঠুনের দাবি না ছাড়ার কারণেই শেখ রাসেলও নাসিরের বিরুদ্ধে বাফুফের কাছে অভিযোগ দায়ের করেছে। আবাহনী মিঠুনের দাবি ছেড়ে দিলে শেখ রাসেলও তাদের অবস্থান থেকে সরে আসবে বলে ফুটবল অঙ্গনের ধারণা।
