টানা তিনদিন ধরে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বাড়েছে। ব্যাংকিং খাতে দর বৃদ্ধির প্রেক্ষিতে শেয়ারবাজারে সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে। এদিকে গতকালও বাজারে বস্ত্র ও ব্যাংকিং খাতের প্রাধান্য দেখা গেছে। গতকাল রবিবার ব্যাংকিং খাতে লেনদেন হয়েছে ৯৩ কোটি টাকা। যা মোট লেনদেনের ১৯ ভাগ। আর লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ অবদান ছিল বস্ত্র খাতের। এ খাতে লেনদেন হয়েছে ১০৩ কোটি টাকা। যা মোট লেনদেনের ২১ ভাগ।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৮ কোটি ৯৫ লাখ ১৩ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১৭ কোটি ৫৫ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর। তালিকাভুক্ত অপর কোম্পানি রহিমা ফুড তাদের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এদিকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষে ডিএসইতে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার লেনদেন আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে। প্রতিষ্ঠানটির আইপিও লটারির ড্র গত ৩ অক্টোবর অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির আইপিওতে মোট ১০.৩৫ গুণ আবেদন জমা পড়ে। প্যারামাউন্ট টেক্সটাইল শেয়ারবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে মোট ৮৪ কোটি টাকা সংগ্রহ করে। এ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮ টাকা। ১০ টাকা ফেসভ্যালুর শেয়ারে ১৮ টাকা প্রিমিয়াম নিয়েছে কোম্পানিটি। মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ২৫০টি।
