মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ২২.৯৮ গুণ আবেদন জমা পড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ৫৫ হাজার লটের বিপরীতে ১২ লাখ ৬৪ হাজার ১৯০টি আবেদন জমা পড়েছে। অর্থাত্ প্রতিষ্ঠানটির আইপিওতে ২২.৯৮ গুণ আবেদন জমা পড়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির আইপিওতে ২৭ কোটি ৫০ লাখ টাকার বিপরীতে ৬৭০ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৯৯০ টাকা জমা পড়েছে। কোম্পানিটির আইপিওতে এনআরবি কোটায় জমা পড়েছে ১১ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৯৪৫ টাকা, আর আবেদন জমা পড়েছে ২১ হাজার ৬৭০টি। কোম্পানিটির আইপিওতে গত ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত টাকা জমা নেয়া হয়। আর প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ১৬ নভেম্বর পর্যন্ত।
মোজাফফর হোসাইন স্পিনিং মিলস পুঁজিবাজার থেকে ২৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহের জন্য ২ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়েছে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আর মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি। আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি ২৬ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা মেয়াদি ঋণ পরিশোধ করবে। আর আইপিও খাতে ১ কোটি ৩৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করবে।
