নওগাঁর রানীনগরে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ব্যাপকহারে মরে যাচ্ছে আমন ধানের শীষ। কীটনাশক ওষুধ দিয়েও কাজ না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষক। এলাকার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, ধানের জমি একটু দূর থেকে দেখলে মনে হবে জমির ধান পেকে গেছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। কিছু জমির প্রায় ৫০/৬০ শতাংশ ধানের শীষ মরে গেছে বলেও দাবি কৃষকদের। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার প্রায় ১৮ হাজার ৭০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে চিনি আতপ ধান রয়েছে ৬ হাজার ৪ শত ১৫ হেক্টর জমিতে। বাকি জমিতে বিভিন্ন রকম ধানের আবাদ করেছেন কৃষক।
উপজেলার কালীগ্রামে আদর্শ কৃষক আনোয়ার হোসেন জানান, তিনি এবার প্রায় ৫ বিঘা জমিতে চিনি আতপ ধানের চাষ করেছেন। ধান বের হবার পর থেকেই ব্যাপকহারে শীষ মরে যাচ্ছে। কয়েকবার ওষুধ প্রয়োগ করেও ভাল কোন ফল পাওয়া যাচ্ছে না। সিম্বা গ্রামের আলাউদ্দীন ফকির জানান, তিনি এবার প্রায় ১৫ বিঘা জমিতে চিনি আতপ ধানের আবাদ করেছেন। ধান বের হবার পর শীষ মরে যাচ্ছে । কোন কীটনাশক ওষুধ দিয়েও কাজ হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা অহেদুর রহমান জানান, চিনি আতপ ধান ব্লাস্ট নামক রোগে আক্রান্ত হয়েছে। আগে থেকে কৃষকরা পদক্ষেপ নিলে এতটা ক্ষতি হতো না।
