জনপ্রিয় ও দর্শক নন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান হানিফ সংকেতের ‘ইত্যাদি’র জমকালো মহড়া হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ার রাজবাড়িতে। গত শনিবার রাতে মহেড়ার রাজবাড়ির ভিতরে বিশাল মাঠে এ মহড়া অনুষ্ঠান হয়েছে। মহড়া অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার দর্শক-শ্রোতার সমাগম হয়েছিল। সন্ধ্যা ৬টা থেকে গভীর রাত পর্যন্ত চলে এ মহড়া অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের পর থেকে আমন্ত্রিত দর্শক-শ্রোতাদের আগমনে রাজবাড়ির মাঠ কানায় কানায় ভরে যায়। জনপ্রিয় ও দর্শক নন্দিত ‘ইত্যাদি’র এই অনুষ্ঠান আকর্ষণীয় করতে পুরো জমিদার বাড়ি (রাজবাড়িকে) নানা সাজে সজ্জিত করা হয়েছিল । এ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মির্জাপুর উপজেলা প্রশাসন ও মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী জানান, বাংলাদেশ তথা দেশে বিদেশে ‘ইত্যাদি’ টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়ার রাজবাড়িতে অনুষ্ঠিত হয়েছে এটা আমাদের মির্জাপুরবাসীর জন্য একটি গর্বের বিষয়। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশে বিদেশের মানুষ মির্জাপুর ও মহেড়ার রাজবাড়িকে চিনবে এবং এর ইতিহাস জানবে। প্রশাসনের পক্ষ থেকে এই অনুষ্ঠানকে জাঁকজমক এবং আকর্ষণীয় করতে প্রশাসন থেকে সকল ধরনের সহযোগিতা করা হয়েছিল। গভীর রাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান। প্রথমে আমন্ত্রিত দর্শকদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। প্রশ্নপর্বে তিনজন পুরুষ এবং একজন মহিলা প্রশ্নের উত্তর দেন। এতে প্রথম পুরস্কার লাভ করেন মির্জাপুর বিশ্ববিদ্যালয়ের কলেজের সাবেক ভিপি মো. হযরত আলী মিঞা। পরে হানিফ সংকেত তার হাতে পুরস্কার তুলে দেন। প্রশ্ন পর্বের পর নানা-নাতির হাস্য-রসের কৌতুক অনুষ্ঠান হয়। নানা-নাতির অনুষ্ঠানের পর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আনা দুইজন মেধাবী প্রতিবন্ধী ছাত্রকে সবার সামনে পরিচয় করিয়ে দেন হানিফ সংকেত। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর গানে উপস্থিত দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যায়। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশে টেলিভিশিনরে রাত ৯টার পর এ অনুষ্ঠান প্রচারিত হবে বলে অনুষ্ঠানের নির্মাতা হানিফ সংকেত জানিয়েছেন।
