গানের প্রতি চির অনুরাগ থেকেই গান করে যাচ্ছেন তামান্না। গতবছরের বন্ধু দিবসে প্রকাশ পায় তার প্রথম একক ‘বন্ধুর জন্য’। এরপর একটানা বিভিন্ন স্টেজ ও একাধিক চ্যানেলে পারফর্ম করেছেন। সর্বশেষ সংগীত বিষয়ক ম্যাগাজিনের তত্ত্বাবধানে একটি সাংস্কৃতি সংগঠনের সাথেও জড়িত থেকে নিবিষ্ট থেকেছেন গান নিয়ে। খুব শিগগিরই তামান্নার নতুন গানের ভিডিওসহ গান রিলিজ হবে। আগামী ভালোবাসা দিবসের জন্য নিজের গান তৈরি করছেন তিনি। নতুন গান প্রসঙ্গে তামান্না বলেন, ‘রোমান্টিক ধাঁচের দুটি গান হয়তো আগামী ভালোবাসা দিবসে রিলিজ দেব। এ ছাড়া এখন যেহেতু মিউজিক ভিডিও ছাড়া গানের প্রমোশন হয় না। তাই ইচ্ছে আছে গান দুটির ভিডিও তৈরি করার।’ নতুন একক অ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, ‘একটু একটু করে এগোচ্ছি। আমি নিজে প্রাণের তাগিদে গান লিখি, সুর করি এবং গান গাই। সেই প্রাণের তাগিদে আমার কোনো তাড়াহুড়ো নেই। আমি সময় নিয়েই ভালো কিছু গান আমার শ্রোতাদের উপহার দিতে চাই।’
