ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ দাবিতে আপত্তিপত্র প্রদান

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২১:৪৫
ন্যূনতম মজুরি ৮হাজার টাকা নির্ধারণের দাবিতে মজুরি বোর্ডে আপত্তিপত্র প্রদান করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। গতকাল শ্রমিক ফ্রন্ট এই আপত্তিপত্র প্রদান করে। আপত্তিপত্র প্রদানের পূর্বে তোপখানা রোডস্থ মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ সমাবেশ করে শ্রমিকরা। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের ফ্রন্টের সভাপতি শ্রমিক নেতা আহসান হাবিব বুলবুল, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাস, আবু নাঈম খান বিপ্লব, খায়রুল কবীর ও জাহাঙ্গীর আলম গোলক। সমাবেশে নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে আন্দোলনরত শ্রমিকদের উপর সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গার্মেন্টস সেক্টরে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সকল কারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮হাজার টাকা নির্ধারণের দাবি জানান। আপত্তিপত্রে বলা হয়, সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদে নাগরিকদের যুক্তিসংগত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তার বিষয়টি রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।