ওয়ালটন ফেডারেশন কাপ

আবাহনী-মোহামেডান গ্রুপ পর্বেই মুখোমুখি

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২১:৫৫
ফুটবল দর্শকরা মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্বেই মোহামেডান ও আবাহনী মোকাবেলা উপভোগ করতে পারবেন। কারণ দল দুটি একই গ্রুপে পড়েছে। গতকাল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে লটারিতে সমর্থক নির্ভর এই দুই দল চার নম্বর গ্রুপে পড়ে। এই গ্রুপের অন্য দল রহমতগঞ্জ। ২১ নভেম্বর শুরু হতে যাওয়া ফেডারেশন কাপে ১২ দল চার গ্রুপে খেলবে। প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। এক নম্বর গ্রুপে রয়েছে শেখ জামাল, ফেনীর সকার ক্লাব, উত্তর বারীধারা। দুই নম্বর গ্রুপে রয়েছে শেখ রাসেল, মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রাম আবাহনী। তিন নম্বর গ্রুপে রয়েছে বিজেএমসি, ব্রাদার্স ইউনিয়ন এবং বিকেএসপি ও পুলিশের মধ্যে জয়ী একটি দল। কালকের ড্র শেষে এটা পরিষ্কার বড় দলগুলোর আসল লড়াই শুরু হবে কোয়ার্টার ফাইনালে। তবে গ্রুপ পর্বে মোহামেডান আবাহনীর মতো বড় ম্যাচে যেমন দেখা যাবে তেমনি শেখ রাসেল-মুক্তিযোদ্ধা, বিজেএমসি-ব্রাদার্সের ম্যাচেও দারুণ লড়াই হবে। এক নম্বর গ্রুপে শেখ জামাল, সকার ক্লাব এবং উত্তর বারীধারা থাকলেও এই গ্রুপে শেষ দলটি মরণ কামড় দিতে পারে সকার ক্লাবের উপর। কারণ অভিজাত পাড়ার এই দলটির সামনে সুযোগ আছে। সকার ক্লাবটি পেশাদার লিগের অভিজ্ঞ একটি দল। অন্য দিকে সেভাবে অভিজ্ঞ না হলেও উত্তর বারীধারা মনে করছে তারা পিছিয়ে নেই। যদি কোয়ার্টার ফাইনালে উঠা যায় তাহলে এই দলটি বিরাট পরিচিতি পাবে। ফেডারেশন কাপে উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলবে শেখ জামাল ও বারীধারা এবং আবাহনী ও রহমতগঞ্জ। ২৫ নভেম্বর মোহামেডান-আবাহনী ম্যাচ। ২৬ নভেম্বর খেলবে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা। ৬ ডিসেম্বর ফাইনাল। গতকাল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে ছিলেন অংশগ্রহণকারি ক্লাব কর্মকর্তারা। জাতীয় দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ ও রেনে কেস্তার ছিলেন। পুলিশ বিকেএসপি প্লেঅফ ম্যাচ আজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই ফেডারেশন কাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য বিকেএসপি ও পুলিশ ফুটবল দল আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্লেঅফ ম্যাচে মুখোমুখি হবে । জয়ী দল খেলবে চূড়ান্ত পর্বে। গতকাল ড্র অনুষ্ঠানে লটারির মাধ্যমে ঘোষণা হয়েছে প্লেঅফ ম্যাচের জয়ীরা খেলবে তিন নম্বর গ্রুপে যেখানে রয়েছে বিজেএমসি এবং ব্রাদার্স।