মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে তরুণদের সম্পৃক্ত করতে আইসিটি মন্ত্রণালয়, মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান ইএটিএল (এথিকস অ্যাডভান্স টেকনোলজি লি.) ও এমসিসি (মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশনস)-এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আইসিটি মন্ত্রণালয়ের ‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি’র আওতায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে বিসিসি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান। এ সময় আরও বক্তৃতা করেন কর্মসূচি’র প্রকল্প পরিচালক ড. মো. আবুল হাসান, ইএটিএল’র ব্যবস্থাপনা পরিচালক মুবিন খান, এমসিসি’র এস এম আশরাফ আবির প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা জানান, ১ বছর ২ মাস মেয়াদি এ প্রকল্প ৮টি ধাপে চলবে। এর মধ্যে থাকবে অ্যাপ্লিকেশন আইডিয়া উদ্ভাবন, বুট ক্যাম্প, ডিজিটাল কনটেন্ট তৈরি, অ্যাপ্লিকেশন তৈরি, মোবাইল অ্যাপস নিয়ে জাতীয় প্রতিযোগিতা আয়োজন, রিসোর্স পোর্টাল সৃষ্টি প্রভৃতি।
