স্নাতকদের বিশেষায়িত আইটি প্রশিক্ষণ প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ১৯:৫১
দেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স (সিএস), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির (আইআইটি) শিক্ষকরা দেশের ১০ হাজার স্নাতককে বিশ্বমানের বিশেষায়িত আইটি প্রশিক্ষণ (টপ-আপ আইটি ট্রেনিং) প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি আইসিটি মন্ত্রণালয়ের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত এক ওয়ার্কশপে অংশ নিয়ে শিক্ষকরা তাদের এ আগ্রহের কথা জানান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই বিভাগ এবং আইআইটির মোট ১০৪ জন শিক্ষক এতে অংশগ্রহণ করেন। ৮ থেকে ১০ জন শিক্ষকদের গ্রুপ নিজেদের মধ্যে আলোচনা করে আলাদা প্রেজেন্টেশনে এসব আইটি গ্র্যাজুয়েট তৈরির পরিকল্পনা তুলে ধরেন। এই ওয়ার্কশপের শুরুতে আইসিটি সচিব মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে ৩৪ হাজার প্রত্যক্ষ ও এক লাখ ২০ হাজার পরোক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়াও সরকারি কার্যক্রম পরিচালনা ও সরকারি ব্যবস্থাপনায় দক্ষতা ই-গভর্নেন্স প্রতিষ্ঠার জন্যও কাজ করবে এ প্রকল্প।