বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোত্সব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা সদরের রাজগুরু ক্যায়াংয়ের প্রধান ভিক্ষু মহাথের উচহ্লা ভান্তের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক বৌদ্ধ ভিক্ষু খালি পায়ে স্থানীয় রাজারমাঠ থেকে পাহাড়ী অধ্যুষিত মধ্যমপাড়া এবং উজানীপাড়া প্রায় দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে ঘুরে ঘুরে ছোয়াংই উত্তোলন করেন। এসময় বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোর সাড়িবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুদের খাবার, কাপড়, টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র দান করেন। এসময় অন্যান্যদের মধ্যে সাবেক মহিলা এমপি মাম্যাচিং, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুচিত্রা তঞ্চঙ্গ্যাসহ বৌদ্ধ ধর্মাবলম্বী পাহাড়ী নেতারা উপস্থিত ছিলেন।
