বাগমারায় হতাশ খামারীরা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২০:৩৮
বাগমারায় ডিমের ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশায় পড়েছেন খামার মালিকরা। বাজার মূল্য কম হওয়ায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন একাধিক খামার মালিক। তারা জানান, বর্তমানে ডিমের বাজার মূল্য সাতশ পঞ্চাশ টাকা থেকে আটশ টাকা শ’ থাকার কথা। কিন্তু বর্তমানে পাঁচশ থেকে সাড়ে পাঁচশ টাকায় বিক্রি করতে হচ্ছে। মুরগীর বাচ্চা, ওষুধ ও খাবারের দাম বৃদ্ধির তুলনায় ডিমের দাম কম হওয়ায় খামার টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে খামারীরা। জানা গেছে, উপজেলায় রেজিস্ট্রেশনকৃত একশ’সহ প্রায় পাঁচ শতাধিক মুরগীর খামার রয়েছে। উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় লেয়ার ও ব্রয়লার মুরগির খামার গড়ে ওঠেছে। পারিবারিক কর্মক্ষেত্র তৈরি হয়েছে অনেক গ্রামে। অধিক লাভের আশায় পাড়ায়-মহল্লায় এসব খামার গড়ে ওঠায় পরিবারের সকলেই ওই ব্যবসার যত্ন নিতে পারে। মালিকরা জানান, বাচ্চা, খাবার, ওষুধ, মজুরি, খামার তৈরির নানা উপকরণের দাম বৃদ্ধির কারণে খামার টিকিয়ে রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এসব ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র পন্ডিত জানান, মুরগীর খাবারসহ ওষুধের দাম বৃদ্ধির ফলে খামারীদের নানা সমস্যার কথা ঊর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে। তবে ডিমের বাজার বৃদ্ধি পেলে খামরীরা পুষিয়ে নিতে পারবে।