তাহেরপুর মেয়রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২০:৩৯
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌর মেয়রের বিরুদ্ধে ভূমি অফিসের জমি গোপনে ইজারা নিয়ে দখলের অভিযোগ উঠেছে। অবৈধভাবে ইজারা নেয়ার ঘটনা প্রকাশ পাওয়ার পর তা বাতিল করা হয়েছে। ভূমি অফিসের এক কর্মকর্তা এ অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাহেরপুর ইউনিয়ন ভূমি অফিসের ১০ শতক জমিকে খাস দেখিয়ে তাহেরপুর পৌরসভার মেয়র প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য গোপনে ইজারা নেন। ভূমি অফিসের জমি ইজারা দেয়ার বিধান না থাকলেও অজ্ঞাত কারণে তাকে ইজারা দেয়া হয়। তিনি ইজারা নেয়ার পর সমপ্রতি ভূমি অফিসের ভেতরের কয়েকটি গাছ কেটে জায়গাটি দখল করে নেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানার পর ইজারা বাতিল করেন। স্থানীয় লোকজন ও ভূমি অফিসের কর্মকর্তারা জানান, মেয়র ক্ষমতার দাপটে জায়গাটি গোপনে ইজারা নিয়ে দখল করেছেন। এতে করে কোটি টাকার সম্পদ বেহাত হওয়ার আশংকা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভূমি অফিসের অফিস সহকারী মুনতাজ আলী মোটা অংকের টাকার বিনিময়ে ভূমি অফিসের জায়গা খাস দেখিয়ে তাহেরপুর পৌরসভার মেয়রের নামে ইজারা দিয়েছেন। তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ ভূমি অফিসের জমি ইজারা নেয়ার কথা স্বীকার করে বলেছেন, ভূমি অফিসের সামনের জায়গাটিতে নেশাখোরদের আড্ডা বসত, তা ভাঙ্গার জন্য একসনা ইজারা নেয়া হয়েছে। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুল ইসলাম জানান, ইজারা বাতিল করে দখলমুক্ত করা হয়েছে।