জয়পুরহাটের আক্কেলপুরে লীজকৃত সম্পত্তিতে এলজিইডির অর্থায়নে ১ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিলেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা। নির্মাণ কাজ বন্ধ হওয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, জেলা প্রশাসক কর্তৃক মুক্তিযোদ্ধা সংসদের নামে লীজকৃত সম্পত্তিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাফিস কনস্ট্রাকশনকে কার্যাদেশ প্রদান করেন জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস, কে দাশ। কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান ভবনের নির্মাণ কাজ শুরুর ১মাস পর জেলা পরিষদ ওই জায়গার মালিকানা দাবি করে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় ভূষণ পাল এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য পত্র প্রেরণ করেন। পত্র পেয়ে ১৪ নভেম্বর এলজিইডির পক্ষ থেকে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। কাজ বন্ধের পর থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
