দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা গেছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
দিনাজপুর
বিরল উপজেলার নেহালগাঁ গ্রামে গত রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় হরিশ চন্দ্র রায়ের পুত্র ইন্দ্র রায় (৪৪) নামে এক ব্যক্তি মারা গেছেন। ঐদিন দুপুরে পার্বতীপুর উপজেলার হাবলু মোড়ে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন আহত হন। আহতরা হলেন: নজির হোসেন, মোজাফ্ফর, মকসেদ, হাসেন আলী, কবির, মোয়াজ্জেম ও মতিয়ার। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ
দোহার উপজেলার ফুলতলায় গত রবিবার ট্রাক চাপায় মঞ্জুর হোসেন (৩৫) নামে এক কনস্টেবল নিহত ও ফুলতলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল ইসলাম গুরুতর আহত হন। আহত এসআই জহিরুল ইসলামকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক রফিকুল ইসলাম ও হেলপার সেন্টু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা)
কুমিল্লার চৌদ্দগ্রামে গত রবিবার সকালে হোটেল তাজমহলের সামনে কাভার্ডভ্যান ও সিএনজি বেবী টেক্সির মুখোমুখি সংঘর্ষে ভাটরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিটন মিয়া (২২) নামে এক সিএনজি চালক নিহত হন।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কে গত রবিবার বিকালে লাচ্ছি নদীর ব্রীজের কাছে ইট ভাঙা মেশিনবাহী ট্রলি উল্টে মো. লিটন (২৫) নামে এক শ্রমিক মারা গেছে।
গাংনী (মেহেরপুর)
মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগর গ্রামে গতকাল সোমবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রভা (১১) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। সে পাঞ্জাব আলীর মেয়ে ও স্থানীয় মাঝের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-হরিপুর পাকা সড়কে বলিদ্বারা এলাকায় গত রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় নাসিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত ও একজন গুরুতর আহত হন। আহত গিয়াসউদ্দিনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
