দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজন খুন হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
জীবননগর (চুয়াডাঙ্গা)
জীবননগরে তুচ্ছ ঘটনায় গত রবিবার বিকালে সাইফুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তিকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে রাশেদুল ইসলাম। জীবননগর থানার ওসি মো. আব্দুল রকিব খান জানান, খুনি রাশেদুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে।
লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়ার ফরিয়াদিরকুল এলাকায় গতকাল সোমবার ভোরে প্রতিপক্ষের গুলিতে হাফেজ আব্দুল মান্নান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মৃত লালমিয়া মাস্টারের ছেলে এবং স্থানীয় হানিফারপাড়া মসজিদের পেশ ইমাম। লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান পিপিএম জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে গত রবিবার সন্ধ্যায় উপজেলার সালদা নদীর চারুয়া গ্রাম থেকে বস্তাবন্দি দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কসবা থানার এস.আই সুমন কুমার আদিত্য জানান, পৃথক দু’টি অর্ধ বস্তাবন্দি অজ্ঞাত দুই যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কসবা থানায় একটি হত্যা মামলা হয়েছে।
