কাশ্মীরের চেয়ে ছত্তিশগড়ে সহিংসতা বেশি ঃ রাহুল

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২০:৫৮
জম্মু এবং কাশ্মীরের তুলনায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত ছত্তিশগড়ে অনেক বেশি সহিংসতা ও আতঙ্ক বিরাজমান বলে মনে করেন ভারতীয় কংগ্রেস দলের সহ-সভাপতি রাহুল গান্ধী। শনিবার ছত্তিশগড় রাজ্যের রাজশানী রায়পুরে এক নির্বাচনী প্রচারাভিযানকালে রাহুল একথা বলেন। —বিডি নিউজ “বিজেপি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে। কিন্তু ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় ছত্তিশগড়ে অনেক বেশি আতঙ্ক এবং সহিংসতা বিরাজমান। আমি সম্প্রতি জম্মু এবং কাশ্মীর ঘুরে এসেছি। ওখানকার তুলনায় এখানে নৃশংসতা ও আতঙ্ক অনেক বেশি,” বলেন তিনি। বিজেপি সরকার নকশালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ করে রাহুল বলেন, “নকশালদের হামলায় কংগ্রেসের নেতারা নিহত হয়েছেন। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।” “তারা (বিজেপি) উন্নয়নের কথা বলে। কিন্তু যেখানে নৃশংসতা এবং আতঙ্ক থাকে সেখানে উন্নয়ন হতে পারে না,” বলেন রাহুল।