ক্রান্তীয় নিম্নচাপজনিত প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ভিয়েতনামের কেন্দ্রীয় অঞ্চলে অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ হয়েছে ৯ জন। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৮০ হাজার মানুষ। শুক্রবার পর্যন্ত এ পরিস্থিতি বিরাজমান ছিল বলে জানিয়েছে দেশটির রাস্ট্রীয় গণমাধ্যম।
সরকারি থ্যাঙ্গ নিয়েন (যুব সমাজ) সংবাদপত্র রোববার জানিয়েছে, কুয়াঙ নাগি প্রদেশে বন্যার পানি ১৯৯৯ সালের রেকর্ড ছাড়য়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। এতে প্রদেশের বহু ঘর-বাড়ি জলমগ্ন হয়ে গেছে। এতে নয়জনের মৃত্যু হয়েছে এবং চারজন নিখোঁজ রয়েছে। প্রবল বৃষ্টির অতিরিক্ত পানির চাপ সামলাতে কর্তৃপক্ষ ভিয়েতনামের কেন্দ্রীয় অঞ্চলে ১৫টি জলবিদ্যুত্ প্রকল্পের সবগুলো স্লুইস গেট একসঙ্গে খুলে দিলে বন্যার পানি দ্রুত বৃদ্ধি পায় বলে জানিয়েছে সংবাদপত্রটি। এক প্রতিবেদনে দেশটির সরকারি বন্যা ও ঝড় প্রতিরক্ষা কমিটি জানিয়েছে, পানিতে প্রায় এক লাখ ঘর-বাড়ি তলিয়ে গেছে এবং ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বন্যার কারণে বেশ কয়েকটি জাতীয় সড়কপথ বন্ধ হয়ে গেছে এবং কয়েকটি জাতীয় ট্রেন সার্ভিস বাতিল করা হয়েছে।
