দক্ষিণ আফ্রিকায় ২০১৩ সালের বর্ষসেরা জাতীয় দলের পুরস্কার পেয়েছে জাতীয় ক্রিকেট দল। সান সিটিতে এক অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয়েছে। প্রোটিয়া দলের হয়ে পুরস্কারটি গ্রহণ করেন দলের সহ-অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। দলটি বর্তমানে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিচ্ছে। এই পুরস্কারটি লাভ করায় প্রোটিয়া টেস্ট স্কোয়াডকে অভিনন্দন জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাত বলেন, ‘এটি যোগ্যতার একটি স্বীকৃতি যা নিয়ে প্রোটিয়ারা গর্ববোধ করতে পারেন।’ তিনি বলেন, ‘ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে দু’টি সিরিজ জয়ের ফলে টেস্ট ক্রিকেটের বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে ওঠে এসেছে প্রোটিয়ারা। এই পুরস্কার প্রাপ্তিতে তাদের ওই দুটি সিরিজ জয় বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। আমাদের ক্রিকেট দল র্যাংকিংয়ে বেশ শক্তভাবেই অবস্থান করছে। আমি নিশ্চিত দক্ষিণ আফ্রিকার সবাই আসন্ন গ্রীস্মে পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে সিরিজ জয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’
লরগাত আরো বলেন, ‘২০০৯ সালে সর্বশেষ টেস্ট সিরিজে পরাজিত হয়। এরপর তারা আর কোন সিরিজ হারেনি। এ জন্য তাদের নিয়ে আমরা খুবই গর্বিত। ২০০৬ সালের পর থেকে দলটি কোন এওয়ে সিরিজ হারেনি। সেই সঙ্গে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের তালিকায় এক ও দুই নম্বর ব্যাটসম্যান ও বোলার আমাদের দলের। তারা হলেন যথাক্রমে এবি ডি ভিলিয়ার্স, হাসিম আমলা, ডেল স্টেইন ও ভারনন ফিলেন্ডার।’
অল রাউন্ডার জ্যাক ক্যালিসের উচ্ছ্বসিত প্রশংসা করে লর্গাত বলেন, পরিসংখ্যান অনুযায়ী তিনি সর্বকালের সেরা অল রাউন্ডারের আসনে রয়েছেন। আর প্রোটিয়া দলের সর্বকালের সফলতম অধিনায়কদের অন্যতম হচ্ছেন গ্রায়েম স্মিথ।
