আগের ১২ ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে ব্রাজিল। কোচ লুই ফিলিপে স্কলারির দলটি আগামী কাল আরো একটি জয়ের লক্ষ্যে বাংলাদেশ সময় ভোর সাতটায় টরন্টোয় প্রীতি ম্যাচে খেলবে চিলির বিপক্ষে।
চিলিও তাদের শেষ খেলায় গত শনিবার ওয়েম্বিলিতে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে। ইনজুরির কারণে চিলির কোচ জর্জ স্যাম্পোলির দলে থাকছেন না মিডফিল্ডার ফার্নান্দো। তবে স্কলারি হন্ডুরাসের বিপক্ষের দলই মাঠে নামাবেন।
গত রবিবার হন্ডুরাসকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। এদিন অনেক সহজ জয় পাওয়া ব্রাজিলের হয়ে গোলের খাতায় নাম তোলেন পাঁচজন ফুটবলার। নিজে গোল না পেলেও দান্তেকে দিয়ে একটি গোল করিয়েছেন বার্সেলোনার তারকা নেইমার। তবে ম্যাচটা সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবে মিডফিল্ডার বার্নার্ডের জন্য। দেশের হয়ে এ দিন নিজের প্রথম গোলটা পেয়েছেন শাখতার দনেত্স্ক মিডফিল্ডার। স্বভাবতই উচ্ছ্বাসটা অন্য সবার চেয়ে তার একটু বেশি, ‘জাতীয় দলে খেলাটাই সবার স্বপ্ন। আর প্রথম গোল। শুধু আমি কেন আমার সব সতীর্থও জানে এর গুরুত্ব কত।’
