মামলার বিচার কার্যক্রম স্থগিতের আবেদন হাইকোর্টে খারিজ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:১২
বিশ্বজিত্ দাস হত্যা মামলার বিচার কার্যক্রম স্থগিত চেয়ে ছয় আসামির করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। বর্তমানে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ মামলার বিচার কার্যক্রম চলছে। এর আগে মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সংশোধন ও বিচার কার্যক্রম স্থগিত চেয়ে ওই ট্রাইব্যুনালে আবেদন করা হয়। কিন্তু গত ২৭ অক্টোবর সেই আবেদন খারিজ করে দেয় আদালত। ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করে ৬ আসামি রাশেদুজ্জামান শাওন, রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এএইচএম কিবরিয়া, কাইয়ূম মিয়া টিপু ও সাইফুল ইসলাম। শুনানি শেষে হাইকোর্ট আবেদন খারিজ করে দেন।