বিমানের চার কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:১৩
ভুয়া ভাউচারের মাধ্যমে রাষ্ট্রের প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের সাবেক হিসাব তত্ত্বাবধায়কসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রবিবার কমিশন তাদের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) প্রদানের অনুমোদন দেয়। উল্লেখ্য, ২০১০ সালের ৫ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক বেনজীর আহম্মদ বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেছিলেন। যাদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হচ্ছে তারা হলেন, বিমানের বেতন শাখার সাবেক হিসাব তত্ত্বাবধায়ক (চাকরিচ্যুত) হারুন অর রশীদ, সাবেক ব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ জিন্নাহ, ক্যাশ ও ব্যাংকিং শাখার সাবেক হিসাব তত্ত্বাবধায়ক (চাকরিচ্যুত) এম এ এস টি চৌধুরী, সাবেক অ্যাকাউন্টস অফিসার (অবসরপ্রাপ্ত) মীর আজিজুর রহমান। দুদক সূত্রে জানা যায়, ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০৫ সালের অক্টোবর পর্যন্ত ১ হাজার ১৩টি জাল ভাউচারের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ৩ কোটি ২৪ লাখ ৪৫ হাজার ২২০ টাকা আত্মসাতের সত্যতা পায় দুদক। যার কারণে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের সাবেক ৯ জনসহ ১০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে পৃথক ৫টি মামলা দায়ের করা হয়। একটি মামলায় উপরোক্ত ৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় দুদক।