চলতি শিক্ষাবর্ষে আমেরিকায় অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধির হারই সর্বোচ্চ বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সম্প্রতি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ মাসেই প্রকাশিত আন্তর্জাতিক শিক্ষা বিনিময় সংশ্লিষ্ট প্রতিবেদন ‘ওপেন ডোরস্ রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ ২০১৩’ অনুসারে আমেরিকায় বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থীদের সংখ্যা ১৫ দশমিক পাঁচ শতাংশ হারে বেড়ে তিন হাজার ৮২৮ জনে উন্নীত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অন্যদিকে আমেরিকার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বের অন্য দেশ থেকে আসা শিক্ষার্থীদের সংখ্যা সাত শতাংশ হারে বেড়ে আট লাখ ১৯ হাজার ৬৪৪ জনে দাঁড়িয়েছে। একইসঙ্গে আমেরিকার বাইরের দেশগুলোতে সে দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণও বেড়েছে তিন শতাংশ হারে। যার সর্বমোট সংখ্যা দুই লাখ ৮৩ হাজার। এই সংখ্যা ‘স্মরণকালের মধ্যে সর্বাধিক’ উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমেরিকায় গত এক দশকে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪০ শতাংশ হারে।
