২ মাসে ৮ লক্ষ গ্যালাক্সি গিয়ার বিক্রি করেছে স্যামসাং

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ১৯:২২
স্মার্ট হাতঘড়ি নিয়ে প্রযুক্তি বিশ্বে নানা ধরনের আলোচনা চলে আসছে অনেকদিন থেকেই। স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতো এই গ্যাজেটসও দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন অনেক বিশেষজ্ঞ। স্মার্ট হাতঘড়ির সফল একটি ভবিষ্যত অনুমান করেই বড় বড় সব প্রযুক্তি বিশ্লেষক স্মার্ট হাতঘড়ি বাজারে আনার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় প্রথম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং বাজারে আনে তাদের গ্যালাক্সি ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের আওতায় গ্যালাক্সি গিয়ার। শুরু থেকেই সাড়া ফেলতে সক্ষম হয়েছে এই স্মার্ট হাতঘড়ি। তাদের সাম্প্রতিক বক্তব্যও তারই প্রতিফলন। তারা জানিয়েছে, দুই মাস হলো বাজারে আসার পর এরইমধ্যে ৮ লক্ষ গ্যালাক্সি গিয়ার বিক্রি হয়েছে। একে নিজেদের জন্য বড় ধরনের একটি সাফল্য হিসেবেই দাবি করছে স্যামসাং। এখন পর্যন্ত বাজারে আসা স্মার্ট হাতঘড়িগুলোর মধ্যে এটিই সবচাইতে বেশি বিক্রি হয়েছে। স্যামসাং জানিয়েছে, ‘গ্যালাক্সি গিয়ারের বিক্রি আমাদের ধারণাকে ছাড়িয়ে গেছে। দ্রুতই এটি জনপ্রিয় হয়ে উঠছে এবং এর বিক্রি আরও বাড়াতে আমরা সামনের দিনগুলোতে আরও বেশি প্রচারণা চালিয়ে যাব।’ এখন পর্যন্ত অবশ্য এই গ্যালাক্সি গিয়ার কাজ করছে কেবল স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন ও ট্যাবলেট পিসির সুনির্দিষ্ট হাই-এন্ড মডেলের সাথে। এসব ডিভাইসের সাথে একটি অ্যাকসেসরিজ হিসেবেই কাজ করছে গ্যালাক্সি গিয়ার। এই সীমাবদ্ধতা সত্ত্বেও এর বিক্রির হারকে অত্যন্ত সন্তোষজনক মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। নতুন নতুন প্রযুক্তি পণ্যের উদ্ভাবনে অ্যাপল’র মতো স্যামসাংও এর মাধ্যমে এগিয়ে এসেছে বলেও মন্তব্য তাদের। প্রযুক্তি বিশ্লেষকদের পাশাপাশি সাধারণ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও দাবি তুলেছে, দ্রুতই স্যামাসংয়ের সকল স্মার্টফোন এবং অন্যান্য অ্যান্ড্রয়েডের সাথেও একে কর্মক্ষম করে তোলার। তা হলে এটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে বলেই ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের। এই দাবির বিষয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্যামসাংয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্প্রতি এক অনুষ্ঠানে গ্যালাক্সি গিয়ারকে দ্রুতই আরও বেশি ডিভাইসের জন্য কর্মক্ষম করে তোলার ইঙ্গিত দিয়েছেন।