ফুলপুরে বোরো বীজের সংকট

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২০:২৩
ময়মনসিংহের ফুলপুরে চলতি ইরি-বোরো মৌসুমে বীজের তীব্র সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি চাহিদার মাত্র এক ষষ্ঠাংশ বীজ সরবরাহ করায় বীজের অভাবে কৃষকের মধ্যে হাহাকার শুরু হয়েছে। বীজের অভাবে কৃষকের তৈরি বীজতলা শুকিয়ে যাচ্ছে। কিন্তু তারা ধান ফেলতে পারছেন না। স্থানীয় কৃষি অফিস জানায়, চলতি ইরি-বোরো মৌসুমে ৪৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে ১৪শ’ টন বোরো বীজের চাহিদা থাকলেও গত রবিবার পর্যন্ত বিএডিসি মাত্র ২৫০ টন বীজ তাদের নির্ধারিত ৫১ জন ডিলার ও উপজেলা বীজ বিক্রয় কেন্দ্রে সরবরাহ করেছে। গত রবিবার সকাল থেকে বিএডিসির উপজেলা বীজ বিক্রয় কেন্দ্রে বীজের জন্য কৃষকের লম্বা লাইন দেখা গেছে। কৃষকরা অভিযোগ করেন তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তাদের চাহিদানুযায়ী বীজ পাচ্ছেন না। ফুলপুর উপজেলা কৃষি অফিসার মফিদুল ইসলাম জানান, চাহিদানুযায়ী বোরো বীজ সরবরাহের জন্য বিএডিসিকে লিখিতভাবে জানানো হয়েছে।