নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরের পাঁচমাথা মোড়ের রেলক্রসিং গেটটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় এখানে ছোট ছোট দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। জানা যায়, সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর, খুলনাগামী রুপসা, রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন বরেন্দ্রসহ প্রায় ৭টি ট্রেন প্রতিদিন চলাচল করে। এসব শহর অতিক্রম হওয়ার সময় এবং রেলওয়ে অফিসারদের ট্রলি আসা-যাওয়ার কারণে প্রায় ১০ বার রেলগেটটি বন্ধ করতে হয়।
এই রেলগেটের একটি অংশ অনেক আগে নষ্ট হয়ে পড়ায় লোকজনকে আটকিয়ে ট্রেন চলাচল করে। কিন্ত প্রায় সময় দেখা যায়, গেটের ভিতর দিয়ে মানুষ ও সাইকেল পারাপার হয়। কিছুদিন আগে তিতুমীর এক্সপ্রেস একটি মোটর সাইকেল টেনে নিয়ে দুই কিলোমিটার পর্যন্ত যায়।
এতে মোটর সাইকেলে আগুন ধরে গেলে মোটর সাইকেল থেকে লাফিয়ে চালক প্রাণ রক্ষা এবং ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। কর্মচারিদের অবহেলার কারণে কোনো সময় গেটও ফেলা হয় না বলে অভিযোগ রয়েছে। সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্রে ১নং রেলঘুমটি এলাকায় দুটি গেটের একটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। গেট কিপার অলিউর রহমান জানান, আমি এ বিষয়টি অনেক আগেই কর্তৃপক্ষকে অবহিত করেছি। কিন্তু এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হয়নি।
