জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে খাদ্য উত্পাদন বৃদ্ধি করতে কৃষি যান্ত্রিকীকরণ অপরিহার্য। সাম্প্রতিককালে শ্রমিকের স্বল্পতা, মজুরি বৃদ্ধি এবং শিক্ষার হার বৃদ্ধির কারণে যন্ত্রের প্রতি কৃষকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তাই বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে বিভিন্ন ফসলের জন্য লাগসই কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ধান, গম, ভুট্টাসহ ডাল ও সবজি চাষের জন্য বিভিন্ন প্রকার লাঙ্গল, বীজ বপন যন্ত্র, নিড়ান, শস্য কর্তন যন্ত্র, শস্য মাড়াই, বপন ও উত্তোলন যন্ত্রের উপযুক্ততা প্রমাণিত হয়েছে। জমি কর্ষণ থেকে শুরু করে শস্য সংরক্ষণ পর্যন্ত বারি ও ব্রি উদ্ভাবিত বিভিন্ন যন্ত্রপাতি কৃষকদের মাঠে প্রদর্শনীর মাধ্যমে যন্ত্রের কার্যকারিতা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান প্রদানের মাধ্যমে শস্য উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে কৃষি যন্ত্রপাতির ওপর উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। শেরপুর খামারবাড়ি মিলনায়তনে সোমবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ। এতে শস্য উত্পাদন বিশেষজ্ঞ বিলাস চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফার্ম মেশিনারিজ এন্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নূরুল আমিন, বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুর রহমান প্রমুখ।
