বিভিন্ন স্থানে পাঁচজনের অপমৃত্যু

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২০:২৬
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজনের অপমৃত্যু হয়েছে। খবর— ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাজিপাড়া গ্রামে গত সোমবার দুপুরে শাহিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। চাটমোহর (পাবনা) চাটমোহর উপজেলার ধানকুনিয়া গ্রামের বাবু হোসেনের স্ত্রী পাপিয়া খাতুন (১৯) নামে এক গৃহবধূ কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জেরে পাপিয়া গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে চাটমোহর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত সোমবার মারা যান। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। মদন (নেত্রকোনা) মদন উপজেলার বনতিয়শ্রী গ্রামে গত সোমবার ভোরে গলায় ফাঁস লাগিয়ে আওলাদ মিয়া (৩২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেন। এ ব্যাপারে মদন থানায় একটি ইউডি মামলা হয়েছে। রাজারহাট (কুড়িগ্রাম) কুড়িগ্রামের রাজারহাটে গত সোমবার সকালে হ্যাপী আক্তার মিশু (১৮) নামে নববধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। জানা যায়, রাজারহাট উপজেলা সদর বাজারের ‘হক ভ্যারাইটিজ স্টোরের মালিক আব্দুল হকের মেয়ের সাথে রংপুর জেলাধীন কোতয়ালী থানার কেল্লাবন্দ গ্রামের আব্দুল মমিনের সঙ্গে গত ৮ নভেম্বর বিয়ে হয়। মিশুর স্বামীর বাসগৃহ পছন্দ না হওয়ায় সে আত্মহত্যা করেন। কালীগঞ্জ (গাজীপুর) উপজেলার বাড়িয়াখালী গ্রামে পারিবারিক কলহের জেরে ফারুকের মেয়ে ফাহিমা (১৬) নামে এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেন। বাড়িয়াখালী গ্রামের ফারুকের মেয়ের সাথে ৯ মাস পূর্বে প্রতিবেশী ইয়াসিনের সাথে বিয়ে হয়। গত রবিবার সন্ধ্যায় কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে প্রথমে কালীগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি সোমবার দুপুরে মারা যান।