জোড়াতালি দিয়ে চলছে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২০:২৬
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে আরএমও নেই, এ্যাম্বুলেন্স নেই, ওষুধ নেই, দন্ত বিভাগ বন্ধ, এক্সরে মেশিন নষ্ট। স্বাস্থ্য কর্মকর্তা সপ্তাহে ২/৩ দিন আসেন। তাও আবার বেলা ২টা বা ৩টার পর। হাসপাতালে ১১ জন ডাক্তারের স্থলে কর্মরত আছেন ২ জন ডাক্তার। তাঁরাও থাকেন ৩০ কি.মি. দূরের রংপুর সদরে। হাসপাতালের জরুরি মোবাইল নাম্বারটি থাকে বন্ধ, টেলিফোন বিকল। ডেন্টাল ইউনিট রোগীর কাজে আসছে না। হাসপাতালের এক কর্মচারী সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এ হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার, গাইনি, সার্জারি, মেডিসিন বিভাগসহ অনেক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। জানা যায়, এ হাসপাতালে প্রতিদিন গড়ে ৩০০-৩৫০ রোগী আসে। দৈনিক বরাদ্দ অনুযায়ী সকাল এগারটার মধ্যেই ওষুধ শেষ হয়ে যায়। ওষুধ স্বল্পতার কারণে অনেক রোগীই ওষুধ না পেয়েই ফিরে যান। এত সমস্যার পরেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহীন আরা হক জানান, হাসপাতালে কোন সমস্যা নেই। এমন নানা কারণে প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত নতুন ভবনটি বর্তমানে মেরুদন্ডহীন চিকিত্সা কেন্দ্রে পরিণত হয়েছে। যার ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রায় তিন লক্ষাধিক মানুষ।