বিজয়নগরে মাদক বিক্রেতা আটক
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বিজয়নগর উপজেলার মেরাশানী রেলস্টেশন থেকে গতকাল মঙ্গলবার সকালে চম্পকনগর ফাঁড়ি পুলিশ গাঁজাসহ আছমা বেগম (২৫) নামে এক মহিলাকে আটক করে। তার বাড়ি উপজেলার কাশিনগর গ্রামে। চম্পকনগর ফাঁড়ির উপ-পরিদর্শক কবির হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে দেহ তল্লাশী করে বডি ফিটিং অবস্থায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিজয়নগর থানায় একটি মাদক আইনে মামলা করা হয়েছে।
মহেশখালীতে স্ত্রী হত্যাকারী স্বামী গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি \ মহেশখালীর চাঞ্চল্যকর লাকী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আসামি আবদুর রহিম ইরান (২৪) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গত ১ সেপ্টেম্বর বাল্যবধূ নাসরিন জাহান লাকীকে (১৮) হত্যা করে সাগরে ভাসিয়ে দেয় তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। এর ৩ দিন পর কুতুবদিয়ায় ভাসমান অবস্থায় তার গলিত লাশ পাওয়া যায়। এঘটনায় নিহত গৃহবধূর পিতা লেদু মিয়া বাদী হয়ে তার মেয়ে জামাই আবদুর রহিম ইরান (২৪), বেয়াই হাজী ফরিদসহ পরিবারের অন্য সদস্যদের অভিযুক্ত করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি ইরানকে গতকাল সোমবার রাতে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপ মন্ডল।
নন্দীগ্রামে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা\ গত মঙ্গলবার নন্দীগ্রাম উপজেলার কেন্দ্রীয় মন্দিরের ভিত্তি স্থাপন করেন, উপজেলা নির্বাহী অফিসার অভিজিত্ রায়। ওই সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বগুড়া-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহিম, পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত, অফিসার ইনচার্জ শাজাহান আলী, মন্দিরের সভাপতি সুশিল চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক শ্রী স্বপন চন্দ্র মহন্ত প্রমুখ।
চরভদ্রাসনে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান। গত মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান শাহীন। উপজেলা মত্স্য কর্মকর্তা এম.এম আজম আলী জানায়, পদ্মা নদীর গোপারপুর ঘাট ও চর কল্যাণপুরে নদীতে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ৪শ’ মিটার করে ৪টি কারেন্টজাল জব্দ করা হয়। পাশাপাশি জুয়েল (৩০), নাজিম (৩৫), এরশাদ মোল্যা (২৮), সুকচান সরকার (৩৮) এর প্রত্যেকের কাছ থেকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
হোমনায় ৩ দিনের তাফসীরুল কোরআন মাহফিল
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ ঐতিহ্যবাহী হোমনা সরকারি হাই স্কুল মাঠে তিন দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আগামীকাল বুধবার থেকে শুরু হবে। ২২ নভেম্বর শুক্রবার রাতে আখেরী মুনাজাতের মাধ্যমে এর সমাপ্তি হবে। এতে প্রধান অতিথি থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ। মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তাফসির পেশ করবেন কুয়াকাটা বরিশালের হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, ঢাকার হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ূবী প্রমুখ।
বিজয়নগরে মাকে মারধর করায় পুত্র আটক
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বিজয়নগরে মাকে মারধর করার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার চতুরপুর গ্রামের স্বামী মৃত সাফিয়া খাতুনের ছেলে ইয়াকুব (৩৫) দীর্ঘদিন ধরে মাকে মারধর করে আসছে। গত সোমবার মা সাফিয়া খাতুন বাদি হয়ে মারধর করার অভিযোগে ছেলের নামে মামলা দায়ের করলে পুলিশ নিজ বাড়ি থেকে ইয়াকুবকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।
মেহেরপুরে সাধু সমাবেশ সমাপ্ত
মেহেরপুর প্রতিনিধি\ মরমী সাধিকা রেনুকা খ্যোপরীর ৩৩তম উফাত দিবস উপলক্ষে মেহেরপুর কাশ্যবপাড়ায় নূরুন্নাহার আশ্রমে অনুষ্ঠিত ২ দিনব্যাপী সাধু সমাবেশ গতকাল মঙ্গলবার সকালে শেষ হয়েছে। সমাপনী দিনে নূরুন্নাহার আশ্রমের মালিক নূরুন্নাহার রানিকা, ইনসান সাধু, ওসমান ফকির, আব্দুল মালেক সাধু, পার্বতী, সাধনা ও শিশু শিল্পী ঐশ্বর্য প্রমুখ এতে সংগীত পরিবেশন করেন। এর আগে গত সোমবার মরমী সাধিকা রেনুকা খ্যোপরীর ৩৩তম উফাত দিবস উপলক্ষে নূরুন্নাহার সাধু আশ্রমের উদ্যোগে ২ দিনব্যাপী সাধু সমাবেশের আয়োজন করা হয়।
নেত্রকোনা আওয়ামী লীগ নেত্রীর মতবিনিময়
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা-২ (নেত্রকোনা-বারহাট্টা) আসনে আওয়ামী লীগ নেত্রী, নেত্রকোনা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মরহুম ফজলুর রহমান খানের কন্যা হাবিবা রহমান খান শেফালী গতকাল সোমবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন এরকম আশা প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন,তার পিতা মরহুম ফজলুর রহমান খান নেত্রকোনায় ২ বার এমপি ছিলেন। সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছেন। তিনিও বর্তমান জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে নারী উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। তবে তিনি মনোনয়ন না পেলেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ বাস্তবায়নে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে জানান।
মুন্সীগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গত সোমবার লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের যুবদল সভাপতি মো. শাহাবুদ্দিন মাদবরকে (৪০) উপজেলার কনকশার ব্রিজের পশ্চিম পাশ থেকে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। লৌহজং থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে লৌহজং থানায় মামলার প্রক্রিয়া চলছে। শাহাবুদ্দিন স্থানীয় মসদগাঁও গ্রামের বাসিন্দা।
সদরপুরে জাল রিয়ালসহ ২ প্রতারক গ্রেফতার
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের বাজাজ মোটরসাইকেল শো-রুম থেকে ২৭শ’ জাল রিয়ালসহ আলী আজম সরদার (৪১) ও সাইদুর রহমান ডালী (২৭) নামের ২ প্রতারককে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। তারা গত সোমবার উপজেলা সদরের থানা এলাকার বাজাজ শো-রুমে গিয়ে জাল রিয়াল দিয়ে মোটরসাইকেল কেনার সময় ধরা পড়ে। গ্রেফতারকৃত আলী আজম ও সাইদুর রহমান মাদারীপুর জেলার শিবচর উপজেলার ওমেদপুর ও ডিগ্রিরচর গ্রামের বাসিন্দা। তারা আন্তর্জাতিক চিট পার্টির সদস্য বলে পুলিশ জানায়। এ ব্যাপারে সদরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মদনে পাঁচ জুয়াড়ির কারাদণ্ড
মদন (নেত্রকোনা) সংবাদদাতা\ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সফিউল আলম সোমবার ভ্রাম্যমাণ আদালতে ৫ জুয়াড়িকে ১৫ দিনের জেল ও ২জনকে ৫শ’ টাকা করে জরিমানা করেছেন। মদন থানার পুলিশ রবিবার গভীর রাতে পৌরসভা মদন বাজারের সোনালী ব্যাংকের পার্শ্ব থেকে ৭ জুয়াড়িকে গ্রেফতার করে। বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনে ১৮৬৭ এর ৩, ৪ ও ১১ ধারায় দোষী সাব্যস্ত করে জনপ্রতি ৫শ’ টাকা করে জরিমানা আদায় করে।
বিরামপুরে আদিবাসী কিশোরীদের সনদ বিতরণ
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা\ এনজিও সংস্থা আরডিআরএস’র আদিবাসী ক্ষমতায়ন প্রকল্পাধীন আদিবাসী কিশোরীদের সংলাপ কোর্স সমাপনকারীদের মাঝে গত সোমবার সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বিরামপুর উপজেলা অডিটরিয়ামে নবীন চন্দ্র পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আলম ও জিন্নাতুন নেছা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা এনজিও ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জে সিএমইএস’র আঞ্চলিক ফেডারেশন নির্বাচন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে সিএমইএস’র আঞ্চলিক ইউনিট ফেডারেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার অগ্রসর কিশোর-কিশোরী ও তরুণী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গোবরাতলা ইউনিটের জেনুয়ারা খাতুন সভাপতি ও দামকুড়া ইউনিটের সাথী খাতুন সম্পাদক নির্বাচিত হয়।
শাহজাদপুরের আহত যুবদল নেতার ব্যয়ভার নিলেন তাঁতি দল নেতা
দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সমপ্রতি সিরাজগঞ্জের পোরজনা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মনিরুল ইসলাম সন্ত্রাসী হামলায় মারাত্বকভাবে আহত হয়। তিনি বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। তাকে দেখতে গিয়ে জাতীয়তাবাদী তাঁতি দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাস্ট্র বিএনপির সহসভাপতি ও সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী মনিরুল ইসলাম মনির তাঁর চিকিত্সার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়ে পরিবারকে আশ্বস্ত করেন। -প্রেস বিজ্ঞপ্তি
জগন্নাথপুরে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর পৌর শহরের উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বিদ্যালয় সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মোঃ আব্দুল হাই-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর কাউন্সিল গিয়াস উদ্দিন মুন্না, প্রেসক্লাব সেক্রেটারী মোঃ হুমাযুন কবির, যুক্তরাজ্য প্রবাসী ইলিয়াছ আলী ইলাই, প্রধান শিক্ষক মাধবী রানী নাথ, সহকারী শিক্ষক পিযুষ পাল, রওশন আরা বেগম, রাশেদা বেগম প্রমুখ। পরে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মালেক।
চাটমোহরে এইচআইভি এসটিডির উপর প্রশিক্ষণ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গত সোমবার উপজেলার চড়ইকোল উচ্চ বিদ্যালয়ে এইচআইভি এসটিডির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মঞ্জুরা রহমান। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন অফিস পাবনার ডাঃ মোঃ মুস্তাফিজুর রহমান, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার মোঃ আব্দুল আজিজ। প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য দেন, কাটাখালী মাদ্রাসার সুপার মওলানা মোঃ নাসির উদ্দিন, শিক্ষক মোঃ আব্দুস সাত্তার। পরিচালনা করেন স্বাস্থ্য সহকারি মোঃ ইশারত আলী।
ধুনটে কৃষকলীগের কমিটি গঠন
ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার ধুনটে এলাঙ্গী ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এলাঙ্গী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ তারেক হেলাল, সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, উপজেলা কৃষকলীগের আহবায়ক ইদ্রিস আলী, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম, কামাল পাশা, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ওহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে আবুল কালামকে সভাপতি, জামিল আলম মিন্টুকে সাধারণ সম্পাদক ও শফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
ভালুকায় ইউএনও’র মতবিনিময় সভা
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ছরোয়ার হোসেন গত সোমবার স্থানীয় প্রেসক্লাবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাজিম-উর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আজম খান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আইনুল হক, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাধারণ সম্পাদক এম.এ মালেক খান উজ্জল, সাংবাদিক গিয়াস উদ্দিন আহাম্মেদ তালুকদার, আব্দুল আওয়াল ঢালী, এস.এম শাহজাহান সেলিম প্রমুখ।
ময়মনসিংহ সদরে গুটি ইউরিয়ার প্রদর্শনী
ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহে সদর উপজেলার চরঈশ্বরদিয়া ইউনিয়নের আলালপুর গ্রামে আয়োজিত শস্য কর্তন, মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার চরকালিবাড়ী ব্লকের উপ-সহকারী অফিসার অনন্ত চন্দ্র নায়ক এর পরিচালনায় এ অনুষ্ঠানে মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার সামছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৃত্তিকা বিজ্ঞানী ড. মইনুল আহসান, কৃষি বিশেষজ্ঞ ড. শাহরুখ আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলালপুর ব্লকের হাজেরা খাতুন। গুটি ইউরিয়ার ব্যবহার যে একটি লাভজনক প্রযুক্তি সে বিষয়ে আলোকপাত করেন তারা।
নালিতাবাড়ীতে বোমা বিস্ফোরণে বৃদ্ধা আহত
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের নালিতাবাড়ীতে গত সোমবার দুপুরে বোমা বিস্ফোরিত হয়ে মল্লিকা বেগম নামের পঞ্চাশ বছর বয়সী এক বৃদ্ধা আহত হয়েছে। পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার কয়রাকুড়ি গ্রামে আব্দুল মান্নানের বাড়িতে বোমাটি বিস্ফোরিত হয়। এসময় বোমাটির কাছে থাকা প্রতিবেশি বৃদ্ধা মল্লিকা বেগম আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল মান্নানের ছেলে হুমায়ন কবীরকে আটক করেছে থানা পুলিশ।
মঠবাড়িয়ায় বাঘের আক্রমণে জেলে আহত
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ মাছ ধরতে গিয়ে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের গ্রাস থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জেলে মন্টু মিয়া। আহত মন্টুকে গত রবিবার রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মন্টু জানান, গত শুক্রবার বন বিভাগের অনুমতি নিয়ে ট্রলারে করে ৫/৭ জনের একটি জেলে দল সুন্দরবনের মিয়ারহালি খালে মাছ ধরতে যায়। ট্রলার থেকে কিনারায় উঠে জঙ্গলের ভিতর কাঠ আনতে গেলে একটি বাঘ আকস্মিক তার পিছন দিকে ছোবল মারে। এসময় মিন্টু ডাক-চিত্কার দিলে ট্রলারের অন্য জেলেরা এগিয়ে আসলে পাঁজরের মাংস মুখে নিয়ে বাঘটি চলে যায়।
ঠাকুরগাঁওয়ে উদীচীর সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ
ঠাকুরগাঁও প্রতিনিধি \ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে অগ্নিসংযোগ-ভাংচুর ও হামলার প্রতিবাদে ঠাকুরগাঁও উদীচী শিল্পী গোষ্ঠী মানববন্ধন ও সাম্প্রদায়িকতা সমাবেশ করেছে। গত সোমবার এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সেতারা বানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাসদের (ইনু) সভাপতি অধ্যাপক রাজিউর রহমান রাজু, জেএসডি (বর) এর সভাপতি মনসুর আলী, জেলা মহিলা লীগের আহবায়ক দ্রৌপদী দেবী আগারওয়ালা, সদর উপজেলার সিপিবি সভাপতি আহসান হাবিব বাবু, ওয়ার্কার্স পাটির নেতা এ্যাড. ইমরান চৌধুরী।
কক্সবাজার সরকারি কলেজে ২ বিষয়ে অনার্স কোর্স চালু
কক্সবাজার প্রতিনিধি \ কক্সবাজার সরকারি কলেজে ইংরেজি ও ইসলামের ইতিহাস বিষয়ে অনার্স কোর্স চালু হয়েছে। এনিয়ে এ কলেজে মোট ৯টি বিষয়ে অনার্স কোর্স চালু হলো। কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী জানান, এক আবেদনের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ দুটি নতুন বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমতি দিয়েছেন।
ঝিনাইদহে ডিজিটাল এ্যাটেনডেন্স সিস্টেম উদ্বোধন
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল এ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক শফিকুল ইসলাম, এর উদ্বোধন করেন। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ রফিকুল ইসলাম, এনডিসি মাসুম আলী বেগসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মেহেরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মেহেরপুর প্রতিনিধি \ ২০১২ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় মেহেরপুরের গাংনী উপজেলার বৃত্তিপ্রাপ্ত ১১৭ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সেভ দি চিলড্রেন ও জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। গতকাল মঙ্গলবার গাংনী উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন জাগরণ চক্র ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী শহিদুল ইসলাম।
যশোরে ৩৯ হাজার উত্তেজক ট্যাবলেট উদ্ধার
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ যশোরে ৩৯ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট এ্যানাগ্রা উদ্ধার করেছে বিজিবি। যশোর বিজিবি’র-২৬ ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল মতিউর রহমান জানান, গতকাল মঙ্গলবার ভোরে শহরের উপকণ্ঠে রাজার হাটে করতোয়া কুরিয়ারের একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে এ বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। সামপ্রতিক সময়ে এ অঞ্চলে বিভিন্ন স্থানে চোরাচালান হয়ে আসা বিভিন্ন ব্রান্ডের যৌন উত্তেজক ট্যাবলেট ধরা পড়ছে।
মাদারীপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মাদারীপুর প্রতিনিধি \ গতকাল মঙ্গলবার মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহর সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেদ হোসেন, এডিএম বাবর আলী মীর, এমডিসি সৈয়দ ফারুক আহম্মেদ, জেলা তথ্য অফিসার দীপংকর বর বক্তব্য রাখেন। এছাড়া সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবীর, গোলাম মাওলা আকন্দ, শাহবুবুর রহমান বাদল, সুবল বিশ্বাস, আয়শা সিদ্দিকা আকাশী প্রমুখ।
সীতাকুণ্ডে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা \ সীতাকুণ্ডে প্রতিবন্ধীদের মাঝে এসজিও হ্যান্ডিকম্পের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহীন ইমরান ২৩ জন প্রতিবন্ধীকে এই সেলাই মেশিন তুলে দেন। এসময় উপস্থিত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সাহাব উদ্দীন, কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম ও সীতাকুণ্ড হ্যান্ডি ক্যাম্পের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ নাজমুল হক। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে ইউএনও শাহীন ইমরান বলেন, সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে আসছে।
ঝিনাইদহ-২ আসনের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
হরিণাকুণ্ড (ঝিনাইদহ) সংবাদদাতা \ ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী কনক কান্তি সোমবার রাতে হোটেল প্রীতমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান হিসেবে এলাকায় তার ব্যাপক গণভিত্তি রয়েছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেলে বিজয় অনেকটাই সুনিশ্চিত বলে তিনি মনে করেন। সাংবাদিকসহ দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।
