ইতালির ভূ-মধ্যসাগরীয় দ্বীপ সার্দিনিয়ায় ঘূর্ণিঝড় ক্লিওপেট্টার তান্ডবে অন্ততপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে এবং বেশিকিছু মানুষ নিখোঁজ রয়েছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় কয়েকটি গাড়ি ভেসে গেছে ও একটি সেতু ধসে পড়েছে। সোমবার রাতে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রচন্ড বৃষ্টিপাত ও বন্যায় রাস্তাঘাট ডুবে গেছে ও নদীর পাড় ভেঙ্গে পড়েছে। নদীর পাড় ভেঙ্গে ও গাড়ির সঙ্গে ভেসে গিয়ে বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন বিবিসি।
ঘূর্ণিঝড়ে সার্দিনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওলবিয়া ও এর আশপাশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বীপটির কয়েকশত বাসিন্দাকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ওলবিয়ার কাছে একটি সড়ক সেতু ভেঙে কয়েকটি গাড়ির ওপর পড়লে গাড়ির তিন আরোহী মারা যান। এই সেতু ধসে এক পুলিশ কর্মকর্তাও মারা গেছেন। অন্য একটি ঘটনায় বন্যার পানিতে ভেসে যাওয়া একটি গাড়িতে এক মা ও তার মেয়েকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঝড়ে সার্দিনিয়ার কৃষি খামারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এছাড়া দ্বীপের সঙ্গে ইতালির মূল ভূখন্ডের বিমান চলাচলও বিঘ্নিত হয়েছে।
