ইন্দোনেশিয়াকে বিব্রত করার জন্য অষ্ট্রেলিয়ার দুঃখ প্রকাশ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২১:০৪
অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো ব্যামবাং ইয়োধইয়নোকে যে কোন ধরনের বিব্রত করার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। অষ্ট্রেলিয়া ইয়োধইয়নের ফোনে আড়ি পেতেছে এ ধরনের খবর সংবাদ মাধ্যমে প্রকাশের প্রেক্ষিতে তিনি দুঃখ প্রকাশ করলেন। মঙ্গলবার পার্লামেন্টে তিনি বলেন, ‘ইন্দোনেশিয়া এবং তার সরকার ও জনগণের প্রতি অষ্ট্রেলিয়ার গভীর শ্রদ্ধা রয়েছে। অষ্ট্রেলিয়ার ভালো বন্ধু হিসেবে প্রেসিডেন্ট ইয়োধইয়নের প্রতিও আমার শ্রদ্ধা রয়েছে। মূলত বিশ্বের মধ্যে তিনি সবচেয়ে ভালো বন্ধুদের অন্যতম। ‘এ কারণে তাকে বিব্রত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ তবে অষ্ট্রেলিয়ার কাছে ক্ষমা প্রত্যাশা করা উচিত হবে না। অষ্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টসহ তার আশেপাশের আরো ৯ ব্যক্তির ফোনে আড়ি পেতেছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর জাকার্তা ক্যানবেরার কাছে এর ব্যাখ্যা দাবি করেছে। একই সঙ্গে ইয়োধইয়নো বলেছেন, অষ্ট্রেলিয়াকে সহযোগিতার বিষয়ে নতুন করে ভাবতে হবে। তারা দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্ষতিসাধন করেছে। এদিকে ইন্দোনেশিয়া ক্যানবেরা থেকে তাদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে।