টানা দেড় বছর ধরেই অনন্ত-বর্ষা তাদের নতুন চলচ্চিত্রের কাজ করছেন। সেই ধারাবাহিকতায় এ জুটির সুপারহিট চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম’-এর সিক্যুয়েলের ৪টি গানের শুটিং হবে। আগামী ২৬ নভেম্বর থেকে থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে এই শুটিং চলবে। গান ৪টির শিরোনাম হলো—‘বল না তোর কথা’, ‘চিকেন তান্দুরী’, ‘হাওয়া’ এবং ‘তোমার টানে’। এই ৪টি গান ছাড়াও বেশ কিছু ফাইটিং সিক্যুয়েন্সের শুটিং হবে বলে জানা গেছে।
এই প্রসঙ্গে ছবিটির পরিচালক ও অভিনেতা এম এ জলিল অনন্ত বলেন, ‘আমাদের সব ছবির শুটিংয়ে চলচ্চিত্রের পুরোদস্তুর প্রফেশনাল ইউনিট নিয়েই কাজ করি। আর এর আগে ভারতের বিভিন্ন অচেনা লোকেশনে কাজ করে এসেছি। এবারেও থাইল্যান্ডের কিছু বিখ্যাত লোকেশনসহ কিছু অচেনা লোকেশনে কাজ করব। যা বাংলাদেশি দর্শকেরা প্রথমবারের মতো আমাদের ছবিতে উপভোগ করবে। এরই মধ্যে চলচ্চিত্রের কাজে প্রায় অর্ধশতজনের ইউনিট প্রস্তুতি নিয়েছে। ছবির ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বিজয় মাস্টার, শংরাইয়া ও বাবা যাদব এবং ফাইট ডিরেক্টর হিসেবে থাকবেন ঘিলি শেখর ও জাইকা।
