সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহবান গণতান্ত্রিক বাম মোর্চার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২১:২৫
সর্বদলীয় নির্বাচনকালীন সরকার মূলত মহাজোট সরকারের একটি রূপ বলে দাবি করছে গণতান্ত্রিক বাম মোর্চা। মোর্চা নেতৃবৃন্দ বলেছেন, এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না এবং ১৫ ফেব্রুয়ারির মতো জনগণ তা প্রত্যাখ্যান করবে। সরকারকে ইতিহাস হতে শিক্ষা নেয়ার আহবান জানান তারা। মঙ্গলবার ২৩/২, তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই আহবান জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মোর্চার সমন্বয়ক সাইফুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন মোর্চার কেন্দ্রীয় নেতা জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন নান্নু, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক, বাসদের কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন চৌধুরী প্রমুখ। লিখিত বক্তব্যে গত ১৫ নভেম্বর বরিশালের চর কাউনিয়ার কালীখোলা গ্রামে সংঘটিত হত্যাকাণ্ড ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান হয়। এতে আরো বলা হয়, গার্মেন্টস মালিকদের অমানবিক শ্রম শোষণের বিরুদ্ধে এবং ন্যায্য মজুরির দাবিতে যখন গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে তখন তাদের ওপর পুলিশ নির্যাতন চালাচ্ছে। অবিলম্বে এই নির্যাতন হত্যা বন্ধ করে গ্রেফতারকৃত শ্রমিক নেতা-কর্মীদের মুক্তির দাবি করেন তারা।