নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন আজ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২১:২৬
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ। গতকাল আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তিতর্কের জন্য এ দিন ধার্য করা হয়েছে। আর রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি উপস্থাপন শেষে মামলার কার্যক্রম শেষ হবে। মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিপক্ষে আইনি বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, রাষ্ট্রপক্ষ মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যৌথ অপরাধ (জয়েন্ট ক্রিমিনাল এন্টারটেইনমেন্ট) সংঘটনের যে অভিযোগ এনেছে তা ভিত্তিহীন। একাত্তরে আসামি কয়েকজনের সাথে মিলে অপরাধ করেছেন এমন কোন প্রমাণ তারা ট্রাইব্যুনালে উপস্থাপন করতে পারেনি। আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মোট ১৬টি অভিযোগে নিজামীর বিচার চলছে। মোবারকের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জেরা আজ:মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্রাক্ষ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আওয়ামী লীগের সাবেক স্থানীয় নেতা মোবারক হোসেনের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা শ্যামল চৌধুরীকে জেরার জন্য আজ বুধবার দিন পুনর্নির্ধারন করা হয়েছে। এদিকে, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার নোটিসের জবাব দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে খন্দকার মাহবুব হোসেনের পক্ষে লিখিত জবাব ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের বরাবর দাখিল করেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। আদালত অবমাননার বিষয়ে আজ বুধবার ট্রাইব্যুনাল-১ এ শুনানির জন্য দিন ধার্য রয়েছে।