স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোর জোড়া গোলে আর্জেন্টিনা বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে পরাজিত করে জানান দিল লিওনেল মেসিহীন পরিস্থিতিতেও তাদের আক্রমণাত্মক খেলা উপহার দিতে পারে। সর্বশেষ দুটি খেলাতেই নিজেদের জাল অক্ষত রেখে বছর শেষ করতে যাচ্ছে আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে দৃশ্যতই বসনিয়া সমর্থকদের সামনেই খেলায় প্রায় পুরো সময় দাপট দেখিয়ে জয়ী হয় আর্জেন্টিনা। উভয় দলই আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে এখন প্রস্তুতি ম্যাচ খেলছে। বসনিয়া অবশ্য প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো। মজার ব্যাপার হলো ম্যানচেষ্টার সিটির এই স্ট্রাইকার দুুই গোলের পাশাপাশি খেলার একমাত্র হলুদ কার্ডটিও দেখেন।
আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা বলেন,‘সে হলো বিশ্বের সেরা দলগুলোর একটিতে দুনিয়ার অন্যতম সেরা। তবে মেসি যখন খেলে তখন আমাদের জন্য ব্যাপারটা আরো সহজ হয়।’ কেননা বার্সেলোনা স্ট্রাইকারটির ইনজুরির পর তাকে ছাড়া খেলতে নেমে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ইকুয়েডোরের সাথে গোলশূন্য ড্রয়ে বাধ্য হয়েছিল।
বসনিয়ার ফরোয়ার্ড এডিন জেকো বলেন,‘আমরা ভাল একটা অভিজ্ঞতা পেলাম এবং সহসাই আরো ভাল খেলবো। এ জন্য কিছু সময় লাগবে।’ অপরদিকে দলটির কোচ সুসিচ সাফেত বলেন,‘ব্যবধান আরো বেশি হতে পারতো। আমি ততটা হতাশ নই। আমার খেলোয়াড়রা যতটা সম্ভব ভাল খেলেছে।’
বিশ্বকাপ বাছাইয়েও অ্যাগুয়েরোর জোড়া গোল আছে।
নাপোলির সেন্ট্রাল ডিফেন্ডার ফেডেরিকো ফার্নান্দেজের ক্রস থেকে অ্যাগুয়েরোর শট স্টোক সিটির গোলরক্ষক আসমির বেগোভিচ আটকাতে ব্যর্থ হলে ৩৯ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৬৬ মিনিটে বাম পায়ের জোড়ালো শটে বেগোভিচকে পরাস্ত করে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন তিনি। গোল দুটির সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় চলতি মৌসুমে ১৩ গোল করে নিজের দারুণ ফর্ম অব্যাহত রেখেছেন অ্যাগুয়েরো।
আর্জেন্টিনা চলতি মৌসুমে বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের কাছে একমাত্র ম্যাচে পরাজিত হয়েছিল। বসনিয়ার বাইরে বিপুল সংখ্যক অধিবাসীর বাস সেন্ট লুইস অ্যারিনাতে। সেই কারণেই ম্যাচটিতে হাজির থাকা ৩০,৩৯৭ জন দর্শকের মধ্যে বসনিয়ার পক্ষে সমর্থনই ছিল বেশ জোড়ালো। যদিও শেষ পর্যন্ত তাদের হতাশ হতে হয়।-বাসস/এএফপি
