স্টার প্লাস চ্যানেলে চলছে চমত্কার উপভোগ্য ফ্যামিলি ড্রামা সিরিয়াল ‘ইস পেয়ার কো ক্যায়া নাম, দো—একবার ফির’। ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সিরিয়ালটি। দর্শকপ্রিয় এই হিন্দি টিভি সিরিয়ালের প্রধান নারী চরিত্রে আস্থার ভূমিকায় রূপদানের মাধ্যমে ইদানীং ঘরে ঘরে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন তন্বী অভিনেত্রী শ্রীনু পারিখ। আস্থা চরিত্রটিকে খুব কম সময়ের মধ্যে বিশাল সংখ্যক দর্শকের মধ্যে গ্রহণযোগ্য করে তোলার ক্ষেত্রে সুন্দরী এই অভিনেত্রীর কৃতিত্বের প্রশংসা করছেন সবাই।
শ্রীনু পারিখের বয়স ২৪ চলছে এখন। ফার্মেসি বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী এই সুন্দরী তরুণী স্কুলজীবনে অনেক নাটকে অভিনয় করেছেন। গানেও তার প্রচণ্ড আগ্রহ ছিল। সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিরোপাও জিতেছেন। ২০০৭ সালে শ্রীনু ‘মিস ইউনিভার্সিটি’ এবং ২০০৮ সালে ‘মিস ভাদোদারা’ শিরোপাসহ আরও বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় সেরা বিবেচিত হয়েছেন। এরপর হিন্দি টিভি সিরিয়ালে অভিনয়ের সঙ্গে যুক্ত হন ২০১০ সাল থেকে। তাকে প্রথম দেখা যায় স্টার প্লাস চ্যানেলের ‘গুলাল’-এর মাধ্যমে প্রথম দর্শকদের নজর কাড়েন। সনি টিভির ‘বিয়াহ হামারি বহু কা’ সিরিয়ালে রজনীবালা চরিত্রেও মনমাতানো অভিনয়ের মাধ্যমে শ্রীনু দর্শকদের আরও কাছাকাছি চলে এসেছিলেন। এখনও সবাই শ্রীনুকে রজনীবালা চরিত্রের জন্য নানাভাবে স্মরণ করে। তবে হালে স্টার প্লাস চ্যানেলে শুরু হওয়া ‘ইস পেয়ার কো ক্যায়া নাম দো—একবার ফির’ সিরিয়ালে একজন নম্র-ভদ্র কিন্তু সত্য ও ন্যায়ের পক্ষে থাকা একনিষ্ঠ তরুণী আস্থা চরিত্রে তাকে আবার দেখে নতুনভাবে আলোড়িত হয়েছেন। এখন অনেক দর্শক ছোটপর্দায় হিন্দি সিরিয়ালের সবচেয়ে প্রিয় ইনোসেন্ট মুখ হিসেবে বিবেচনা করছেন শ্রীনু পারিখকে। ‘ইস পেয়ার কো ক্যায়া নাম দো’ নামে একটি টিভি সিরিয়াল বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু হঠাত্ করেই সিরিয়ালটি জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বন্ধ হয়ে যায়। কয়েক মাস আগে প্রায় একই ধারার গল্পে নতুন পাত্রপাত্রী ও ঘটনাবলি নিয়ে শুরু হয়েছে ‘ইস পেয়ার কো ক্যায়া নাম দো—একবার ফির’ নামের সিরিয়ালটি। সিরিয়ালটি স্টার প্লাস চ্যানেলে সপ্তাহের সোম থেকে শুক্রবার রাত ৮টায় প্রচার হচ্ছে।
বিগ বস ৭
সালমান খানের উপস্থাপনায় রিয়েলিটি শো ‘বিগ বস সাত’ এবারও ব্যাপক দর্শক-আনুকূল্য পাচ্ছে । অনুষ্ঠানটি কালারস চ্যানেলে এ সপ্তাহের সোমবার থেকে রবিবার রাত সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত প্রচার হবে।
নাচ বালিয়ে
জনপ্রিয় সেলিব্রেটি ড্যান্স শো ‘নাচ বালিয়ে’। সিজন ছয়ে এবার আছেন কুনাল কাপুর, মাস্টারসেফ ইন্ডিয়া বিজয়ী রিপু হান্দা এবং টিভি অভিনেতা সাব্বির আলুওয়ালিয়া। ‘নাচ বালিয়ে’ এ সপ্তাহের শনি ও রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় স্টার প্লাসে দেখতে পাবেন।
বাংলাদেশ আইডল
‘আমারিকান আইডল’, ‘ইন্ডিয়ান আইডল’-এর মতো আমাদের দেশের শো ‘বাংলাদেশ আইডল’। বাংলাদেশ আইডল এসএ টিভিতে এ সপ্তাহের শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রচার হবে।
রেড সিগনাল
বাংলাভিশনে প্রচার হচ্ছে মোশাররফ করিম অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘রেড সিগনাল’। নাটকটি রচনা ও পরিচালনা করছেন মাসুদ সেজান। এক ঘণ্টা দৈর্ঘ্যের এ ধারাবাহিকটি প্রচার হবে এ সপ্তাহের রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে।
