শাকিব খানের প্রযোজনায় প্রথম চলচ্চিত্র নিয়ে বেশ গুঞ্জন চলছে চারদিকেই। তবে প্রথম ছবিতে যে শাকিব তার অন্যতম সেরা জুটি অপু বিশ্বাস ছাড়া ঝুঁকি নেবেন না সেটিও বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছিল। কারণ শাকিব খানের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। শাকিব প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘হিরো দ্য সুপারস্টার’-এ তাই পরিচালক যেন মুখ্য বিষয় নয়। এখানে প্রযোজকই সবকিছু নির্ধারণ করছেন। তবে প্রথমদিকে শাকিব-অপু জুটির কথা শোনা গেলেও এখন সেখানে অনেক সিক্যুয়েন্স জুড়ে ভাগ বসাতে চাইছেন যেন নবাগত চিত্রনায়িকা ববি। এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘এখানে আমার ভূমিকা কী তা আমার দর্শকেরাই বুঝে গেছেন। কারণ, কেন্দ্রীয় চরিত্র ছাড়া আমি অভিনয় করব না তা শাকিবও ভালো করেই জানে।’ এদিকে এরই ভেতরে অপু বিশ্বাস বেশ কিছু নতুন ছবিতে হাত দিয়েছেন। মুটিয়ে যাওয়া এবং শাকিবের সাথে মনোমালিন্যের কারণে নেওয়া বিরতির পর নতুনভাবে নিজের ফিগার কমিয়ে ব্যস্ত হতে শুরু করেছেন। অন্যদিকে মালেক আফসারির ‘ফুল অ্যান্ড ফাইনাল’ নকল গল্প হলেও দর্শক গ্রহণযোগ্যতা পাওয়ায় ববির প্রতি আলাদা দুর্বলতা দেখা যাচ্ছে শাকিবের। তবে এত হিসেবের বাইরে শাকিব তার নিজের ছবির অংকে সফলতা নিশ্চিত করতেই অপু বিশ্বাসকে কাস্ট করেছেন। অপু এক গাল হেসে বলেন, ‘এমন অনেক টিভি অভিনেত্রী এরই মধ্যে শাকিবকে ফোন করে হয়রান করে ফেলেছে তার প্রযোজিত ছবিতে নেওয়ার জন্য। ওদের এই আচরণ দেখলে যেন হাসিই পায়। কারণ শাকিবের সাথে আমার কেমিস্ট্রিই সবচেয়ে সফল।’
