কামরুজ্জামান কামুর ‘দ্য ডিরেক্টর’ চলচ্চিত্রের জন্য আবারও আন্দোলনে নামার পরিকল্পনা করেছেন ছবির কলাকুশলীরা। দীর্ঘদিন ধরে ঘোষণা দেওয়া অতঃপর ছবির কাজ শুরু হলে ছবিটি নিয়ে আলাদা একটা আলোচনা তৈরি হয়। বিশেষ করে এ ছবির মধ্য দিয়ে দীর্ঘদিনের ছবির খরা কাটিয়ে একটি ভালো ছবিতে অভিনয়ের সুযোগ মেলে চিত্রনায়িকা পপির। কিন্তু সেন্সর বোর্ড ছবিটি আটকে দেয় বিভিন্ন অসঙ্গতির কারণে। এ প্রসঙ্গে ফেসবুকসহ সামাজিক ওয়েবসাইট ও অনলাইনে বেশ প্রতিবাদমুখর হয়ে উঠছে। এ নিয়ে ছবির অন্যতম অভিনেতা মারজুক রাসেল বলেন, ‘এটা প্রত্যাশা করা যায় না। আমাদের ফিল্মকে আরও বড় আকারে ভাবতে হলে একই রকম গ্রামারের ভেতরে আটকে থাকলে চলবে না। বিষয়টি খুবই দুঃখজনক।’ এদিকে ছবির নির্মাতা কামরুজ্জামান কামু বিনোদন সাংবাদিকদের নিয়ে আলাদা প্রজেকশন ও এটি নিয়ে আলাদা ক্যাম্পেইনের কথা বললেও হঠাত্ করেই যেন চুপ হয়ে যান। দীর্ঘদিন পর আবারও ছবিটি মুক্তি নিয়ে সোচ্চার হয়েছেন এর কলাকুশলীরা।
