গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দিতে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোং লিঃ-এর তিতাস গ্যাস ফিল্ডের ২৭ নং কূপের খনন কাজ শুরু হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান ডঃ মোঃ হোসেন মনসুর খনন কাজের উদ্বোধন করেন। তিনি বলেন- বর্তমান সরকার গ্যাস ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন করেছে। ফলে সার ও বিদ্যুত্ উত্পাদনে অনেকটা সহায়ক হয়েছে। সরকার ৫ বছরে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস অতিরিক্ত উত্পাদন করেছে। গ্যাস উন্নয়ন তহবিলের অর্থায়নে ১১০ কোটি টাকা ব্যয়ে বাপেক্স কূপটি খনন করছে। কূপটির খনন কাজ আগামী ৩ মাসের মধ্যে সম্পন্ন হবে। এতে দৈনিক গড়ে ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যোগ হবে। এসময় বাংলাদেশ গ্যাসফিল্ড কোং লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আবছার, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম.এ বাকী, জিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুর রহমান উপস্থিত ছিলেন।
