হোমনা ব্র্যান্ড বোরো বীজের যাত্রা শুরু

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২১:১০
দেশে বোরো ধান বীজের চাহিদা মেটাতে হোমনা উপজেলা থেকে বীজ সংগ্রহ করে বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি বিভাগ। সারা দেশে প্রথমবারের মতো কোন উপজেলা পর্যায় থেকে নিজস্ব উদ্যোগে ও তদারকিতে উন্নতমানের বীজ প্যাকেটজাত করে বাজারজাত করার এটিই প্রথম ও ব্যতিক্রম উদ্যোগ বলে জানিয়েছে কৃষি বিভাগ। এ ধান বীজের নাম রাখা হয়েছে হোমনা ব্র্যান্ড। গত ১৪ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এর বিপণন কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলার সেরা কৃষকদের বাছাই করে তাদের চাষাবাদ পদ্ধতি পর্যালোচনা করে বীজ সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতি মূল্যায়ন করেন। তারা চাষীদের বীজ উত্পাদনের জন্য প্রদর্শনী প্লটও করতে দেন। প্লট থেকে উন্নত বীজ সংগ্রহ করেন। বীজের অঙ্কুরোদগম (জর্মিনেশন) ক্ষমতা যাচাইয়ের জন্য বীজ প্রত্যয়ন কেন্দ্রে পাঠানো হয়। এর ফলাফল শতকরা ৯৬ ভাগ পাওয়া গেলে সেগুলো বীজের জন্য সংগ্রহ করা হয়। পরে বিএডিসির প্যাকেটের আদলে এর প্যাকেট করা হয়। বোরো মৌসুমের প্রথমেই ৭ টন বীজ প্যাকেটজাত হয়েছে। কৃষি সমপ্রসারণ বিভাগের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক এম আমির হোসাইন জানান, হোমনা থেকে এরকম আইডিয়া একেবারে নতুন, বাস্তবসম্মত এবং নিঃসন্দেহে ভাল একটি উদ্যোগ।