কালিয়াকৈর ডাক্তারের বিলম্বে দুর্ভোগ

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২১:১১
সরকারি নীতিমালা থাকলেও গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তাররা হাসপাতালের আবাসিক ভবনে থাকেন না । রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ১/২ ঘন্টা বিলম্বে কর্মস্থলে উপস্থিত হন। ফলে সময়মতো ডাক্তার না পাওয়ায় রোগীদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়। ৫০ শয্যাবিশিষ্ট কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে সর্বমোট ১৮ জন ডাক্তার কর্মরত আছেন। প্রতিজন ডাক্তারের জন্য সরকারিভাবে হাসপাতালে আবাসিক ভবন বরাদ্দ রয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী ডাক্তারদের আবাসিক ভবনে থাকার কথা থাকলেও কালিয়াকৈরে কর্মরত ডাক্তাররা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওইসব ভবনে থাকেন না। এব্যাপারে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কমরউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের মতো সারা বাংলাদেশের কোন উপজেলাতে ডাক্তাররা কর্মস্থলের আবাসিক কোয়ার্টারে থাকেন না।